ফিফার বেতনভুক এক ব্যক্তি সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ব্যক্তিগত গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন—এই অভিযোগের তদন্ত চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কর দফতর, ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) কাছে অভিযোগ জমা পড়েছে।

আইআরএস তদন্ত শুরু করলে এবং অভিযোগ প্রমাণিত হলে, আমেরিকায় ফিফা তার করছাড়ের মর্যাদা হারাতে পারে। সে দেশে ফিফা ৫০১(সি)(৪) ধারার অধীনে করছাড় পায়। এই শ্রেণিতে সেই সব সংস্থাকে রাখা হয়, যেগুলি ‘দাতব্য, শিক্ষামূলক বা বিনোদনমূলক উদ্দেশ্যে সমাজকল্যাণের প্রসার ঘটানোর জন্য প্রতিষ্ঠিত’।

গার্ডিয়ান অভিযোগপত্রটি দেখেছে। তার সমর্থনে বেশ কিছু নথিও দেওয়া হয়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ওই ব্যক্তি ‘মায়ামির বাসভবনে একান্তভাবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং তাঁর স্ত্রী লিনা ইনফান্তিনোর গৃহস্থালির কাজ করতেন, অথচ ফিফা-সংশ্লিষ্ট একটি সংস্থার মাধ্যমে বেতন বা অন্য সুযোগ-সুবিধা পেতেন’। অভিযোগপত্রের বক্তব্য, ‘শীর্ষ নেতৃত্ব নিজেদের সরকারি পদমর্যাদা ব্যবহার করে এবং ফিফার হয়ে কাজ করতে গিয়ে সংস্থার করছাড়ের মর্যাদার অপব্যবহার করেছেন।’

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ‘কোনও নেতার পরিবারের সুবিধার জন্য দেওয়া পরিষেবার খরচ মেটাতে যদি সংস্থার অর্থ বা সম্পদ ব্যবহার করা হয়ে থাকে, তবে সেই ব্যবস্থা ব্যক্তিগত সুবিধা, আর্থিক হিসাব পেশ, পারিশ্রমিক এবং পরিচালনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। জমা দেওয়া নথিপত্র থেকে কর্মসংস্থান, বেতনের হিসাব, কর এবং অভিবাসন-সংক্রান্ত নথিতে দেওয়া তথ্যের যথার্থতা নিয়েও প্রশ্ন উঠছে। আমরা সংশ্লিষ্ট দফতরগুলিকে মূল নথি খতিয়ে দেখে প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা নির্ধারণ করার অনুরোধ জানাচ্ছি।’ আইআরএসের প্রতিক্রিয়া চাওয়া হয়েছে।

এমন সময়ে এই খবর সামনে এল, যখন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ‘নীল ঢেউ’-এর পরে আমেরিকার ডেমোক্র্যাট রাজনীতিকেরা ফিফার কর্মকাণ্ড আরও নিবিড়ভাবে খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ নজরে রয়েছে ব্যর্থ ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বা এফএফই প্রকল্পে ইনফান্তিনোর ভূমিকা এবং ট্রাম্পের হোয়াইট হাউসের সঙ্গে তাঁর সম্পর্ক। মার্কিন প্রতিনিধি পরিষদের বিচারবিষয়ক কমিটিতে সংখ্যালঘু পক্ষের শীর্ষ সদস্য, কংগ্রেসম্যান জেমি রাসকিনের এক মুখপাত্র জানিয়েছেন, গৃহকর্মী-সংক্রান্ত নথি কমিটি এখনও চেয়ে পাঠায়নি। তবে তারা ‘ওই ঘটনাপ্রবাহের দিকে ঘনিষ্ঠ নজর রাখছে’।

ফিফার এক মুখপাত্র বলেছেন, ‘ফিফা প্রেসিডেন্টের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিষয়গুলি ব্যক্তিগতই। তবে কোনও রকম সংশয়ের অবকাশ না রাখতে স্পষ্ট করে বলা হচ্ছে, গৃহকর্মীদের যাবতীয় খরচ ফিফা প্রেসিডেন্ট নিজেই বহন করেন।’

অভিযোগটি তদন্তের জন্য গ্রহণ করা হলে, সেই প্রক্রিয়া শেষ হতে সম্ভবত কয়েক মাস লাগবে। সাধারণত আইআরএসের তদন্তের ফল প্রকাশ করা হয় না। তবে তার ভিত্তিতে কোনও ব্যবস্থা নেওয়া হলে তা প্রকাশ্যে আসবে।

অভিযোগটি জমা দিয়েছেন ওয়াশিংটন ডিসির আইনজীবী আবেদ আয়ুব। তিনি অভিবাসন আইন নিয়ে কাজ করেন এবং আমেরিকান-আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটির (এডিসি) জাতীয় কার্যনির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর এডিসি ‘গেম ওভার ইজরায়েল’ প্রচারাভিযানের অংশ ছিল। ওই প্রচারাভিযানে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইজরায়েলের ফুটবল দলগুলিকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছিল।

ফিফা বলেছে, ‘আমরা সংবাদমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি। অগস্টে ফিফা যেমন জানিয়েছিল, এটা স্পষ্ট যে কিছু ব্যক্তি ফিফা এবং তার প্রেসিডেন্টকে হেয় করতে সমন্বিত ও ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফিফা যথাযথ অনুসন্ধান ও পর্যালোচনাকে স্বাগত জানায়। কিন্তু তার অর্থ মিথ্যা অভিযোগকে আরও ছড়িয়ে দেওয়ার ছাড়পত্র নয়। যেখানে প্রতিবেদন ভুল বা বিভ্রান্তিকর হবে, সেখানে ফিফা সরাসরি এবং জোরালোভাবে তা চ্যালেঞ্জ করতে থাকবে।’

এদিকে ইনফান্তিনোর পূর্বসূরি সেপ ব্লাটার তাঁকে ‘স্বৈরশাসক’ বলে বর্ণনা করেছেন। তাঁর মন্তব্য, ইনফান্তিনো ‘এখন আর কোনও সীমাই মানেন না’। জার্মান পত্রিকা ডের স্পিগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ব্লাটার। ফিফায় দুর্নীতির কেলেঙ্কারির মধ্যে পদত্যাগ করার আগে তিনি ১৭ বছর সংস্থার প্রেসিডেন্ট ছিলেন।

ব্লাটার এফএফই প্রকল্প এবং ফিফার শান্তি পুরস্কারের সমালোচনা করেছেন। তবে তাঁর বিচারে সবচেয়ে গুরুতর বিষয় হল, বিশ্বকাপে লাল কার্ড দেখার জেরে ফোলারিন বালোগুনের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।

ব্লাটার বলেছেন, ‘ফিফা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে এমন একজন ব্যক্তি সংস্থাটির নেতৃত্ব দিচ্ছেন, যিনি মোহে অন্ধ হয়ে গিয়েছেন।’ শান্তি পুরস্কারকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে তিনি প্রশ্ন করেছেন, ‘তিনি এমনটা করতে যাবেন কেন? ইনফান্তিনো এমন একজনকে শান্তি পুরস্কার দিচ্ছেন, যিনি তার কিছু দিন পরেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন?’

আন্তর্জাতিক স্তরে প্রবল প্রতিবাদের পরে বাতিল হয়ে যাওয়া এফএফই প্রকল্প নিয়ে ব্লাটার বলেছেন, ‘ইনফান্তিনো এখন আর কোনও সীমাই মানেন না। এর কিছুই তিনি বোঝেন না।’

বালোগুন-বিতর্ককে ‘সবচেয়ে খারাপ’ ঘটনা বলে বর্ণনা করে ব্লাটার বলেছেন, ‘গঠনতন্ত্রের বিধানের ব্যাখ্যা করা যেতে পারে। কিন্তু খেলার নিয়ম সবার ক্ষেত্রে একই ভাবে প্রযোজ্য হতে হবে। সেগুলির ইচ্ছেমতো ব্যাখ্যা করা যায় না।’