মাউরিসিয়ো, মাংস পেষাই কলে আপনাকে স্বাগত। কিংবা বলা ভালো, ফের স্বাগত। আপনার অপেক্ষাতেই ছিলাম আমরা। ম্যানচেস্টার ইউনাইটেড মাউরিসিয়ো পোচেত্তিনোকে কোচ করার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে পারে—এই খবরে অবাক হওয়ার কিছু নেই। ইউনাইটেড তো বরাবরই পোচেত্তিনোকে কোচ করার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকে। গত ১৩ বছর ধরে এই ক্লাব আসলে একই ম্যানেজারকে নিয়োগ করে চলেছে, আবার ছাঁটাইও করছে। মুখগুলো আলাদা, কিন্তু ক্লাবের কাঠামোই তাঁদের ব্যর্থতা নিশ্চিত করে রেখেছে। সবার চোখে যুদ্ধবিধ্বস্ত মানুষের সেই একই হতবিহ্বল দৃষ্টি, সবার সামনে বৃহত্তর সমস্যার সেই একই অমীমাংসিত স্তূপ। আর গত আট বছর ধরে পোচেত্তিনোর সঙ্গেও প্রায় একই কাণ্ড ঘটাতে গিয়েও শেষ পর্যন্ত ঘটানো হয়ে ওঠেনি।
হয়তো অবশেষে সেই মুহূর্ত এসে গিয়েছে। হয়তো এই জায়গার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাঁর আরও খানিকটা ভেঙেচুরে যাওয়া দরকার ছিল। আর কে বলতে পারে, ঘটনাচক্রে দু’পক্ষের মধ্যে এক ধরনের মিলও হয়তো তৈরি হয়েছে।
এত দিনে এলিট ক্লাব ফুটবলের আত্মা নিংড়ে নেওয়ার যন্ত্রের মধ্যে দিয়ে পুরোপুরি ঘুরে এসেছেন পোচেত্তিনো। ওল্ড ট্র্যাফোর্ডে তিনি আসবেন আগে থেকেই কিমা হয়ে, আগে থেকেই অতীতের ভূত ঘাড়ে নিয়ে। ৫৪ বছরের এক মানুষ, প্যারিস সাঁ জারমাঁ, চেলসি আর ড্যানিয়েল লেভির জমানার টটেনহ্যামের অভিজ্ঞতায় যাঁর শরীরে-মনে ইতিমধ্যেই অসংখ্য ক্ষত। বিশৃঙ্খল সুপার-ক্লাবগুলির রক্তে এতটাই ডুবে রয়েছেন এই কোচ যে, পিছনে ফিরে যাওয়া আর ম্যানচেস্টারের পশ্চিম প্রান্তে সেই বিশৃঙ্খলার চরমতম রূপটির দিকে এগিয়ে যাওয়া কার্যত একই ব্যাপার।
অবশ্য ওল্ড ট্র্যাফোর্ডের সমস্যার সঙ্গে ম্যানেজারের ভূমিকায় সর্বশেষ অবতারটিকে বসানোর কোনও সম্পর্ক নেই। এই অবিরাম নিয়োগ আর ছাঁটাই রোগের লক্ষণ, রোগের কারণ নয়। ব্যাপারটা মূলত নজর ঘোরানোর কৌশল। কর্তাদের লোভ আর অযোগ্যতা থেকে চোখ সরিয়ে অন্য দিকে তাক করানোর এক ছলনা।
তবু এমন উপলক্ষে কেন সর্বশেষ নিয়োগটিও সম্ভবত কাজ করবে না, তার কারণগুলি সাজিয়ে বলা দরকার। প্রথমেই আসে ক্রমশ কমতে থাকা প্রতিদানের স্পষ্ট অনুভূতিটা।
দশ বছর ধরে ধারাবাহিক অধঃপতনের মধ্যে যে ক্লাব দু’টি বড় ট্রফি জিতেছে, তাকে কী ভাবে উদ্ধার করবেন? সহজ। এমন একজন কোচকে নিয়োগ করুন, যিনি তেরো বছর ধরে ধারাবাহিক অধঃপতনের মধ্যে নিজেও দু’টি বড় ট্রফি জিতেছেন। ঝাপসা হয়ে আসা সেই অদূর অতীতে ফিরব কী করে? ঝাপসা হয়ে আসা সেই অদূর অতীতকেই চাকরিতে রাখব।
এটাকে কি কোনও জাদুকরি সমাধান বলে মনে হচ্ছে? এই সময়ে পোচেত্তিনোকে নিয়োগ করা মানে সুপার বোলের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ‘গ্যাংনাম স্টাইল’-এর সেই লোকটিকে ডেকে আনা। হ্যাঁ, হ্যাঁ, আপনার বিরাট ভক্ত। একটু মনে করিয়ে দিন তো—২০১৩ সালে আপনি খুব জনপ্রিয় ছিলেন, তাই না?
সে সব থাক। তার চেয়ে বরং এই কথাটায় একটু থামা যাক: এই বিশাল, গরগর করে বিষ উগরে দেওয়া ফুটবল-আগ্নেয়গিরিটিকে ঘিরে বরাবরের মতো এখনও আশা আছে। এখনও কোনও একটা যুক্তি ফিসফিস করে বলে, হয়তো এ বার এই লোকটাই পারবে। প্রতিবারই আমরা এমনটা দেখি। বয়স হয়েছে, কিন্তু ব্যক্তিত্বের জাদু এখনও অটুট? হ্যাঁ, নিয়ে আসুন। তরুণ, তুমুল আলোচিত, নিজের ফুটবল-ব্যবস্থার প্রতি ধর্মান্ধের মতো অনুগত? ওঁকেই চাই। কোনও এক প্রাক্তন খেলোয়াড়, যিনি প্রায় সঙ্গে সঙ্গেই বদলে যাবেন টাচলাইনে কুঁকড়ে থাকা এক নেতানো, পরাজয়-নির্ধারিত মানুষে—স্কুলের রেলিংয়ের পাশে দাঁড়ানো সদ্য বিবাহবিচ্ছিন্ন বাবার মতো? আমাদের এখানে একটি পদ খালি আছে।
এ বার পোচেত্তিনোর পক্ষে দু’টি ব্যাপার রয়েছে। প্রথমটি টটেনহ্যামে তাঁর সেরা সময়ের স্মৃতি: ব্যক্তিত্বের আকর্ষণ, হঠাৎ হো-হো করে ফেটে পড়া হাসি, আর এমন ভঙ্গিতে হেঁটে বেড়ানো যেন তিনি পৃথিবীর সবচেয়ে সুদর্শন তেল-উত্তোলন শ্রমিক। সঙ্গে অবশ্যই রয়েছে শুরুর দিকের সেই স্পার্স দলের তীব্র, প্রাণ ঢেলে দৌড়নো ফুটবল। ফুটবলই জীবন, ফুটবলই যন্ত্রণা, ক্লান্তি, উন্মত্ত আনন্দ। কিছু মুহূর্ত নিশ্চয়ই আসবে। আমাদের অন্তত তার কয়েকটি দিন। দিনের শেষে এখানে সবাই শুধু কিছু একটা অনুভব করতে চায়।
দ্বিতীয় ব্যাপারটি আরও বেশি প্রলোভন জাগায়: একসঙ্গে নিজেদের উদ্ধার করার কোনও কাহিনি, পথহারা দুই আত্মার মিলন। ভেঙে পড়া ক্লাব, পরিচয় হোক ভেঙে পড়া ম্যানেজারের সঙ্গে। আপনাদের দু’জনের বেশ জমবে। সিনেমায় এমন হয়। ‘লিভিং লাস ভেগাস’-এর সেই সম্পর্কের রসায়ন: পতনের শেষ তলানি, ক্ষত সারানো, মুক্তি। বিশ্বাস হচ্ছে? এখানে কি আমাদের হাতে আছে—আশা নয়, তা তো নিশ্চয়ই নয়—কিন্তু এমন এক আশা, যার কপালেই সর্বনাশ লেখা?
পোচেত্তিনোর কর্মজীবনে একটা অপূর্ণতা সত্যিই আছে। গোড়ার বছরগুলিতে যে বিপুল সম্ভাবনা দেখা গিয়েছিল, তার পুরোটা কখনও বাস্তব করে তুলতে পারেননি এই ম্যানেজার। সাউদাম্পটন তাঁকে খুঁজে এনেছিল, তার পর সেখান থেকে ছিনিয়ে নিয়েছিল স্পার্স। টটেনহ্যামে গিয়ে তিনি এক প্রবল, আকর্ষণীয় প্রাণশক্তি সঞ্চার করেছিলেন। সেই পোচেত্তিনোকে যত দেখতেন, ততই আরও দেখতে ইচ্ছে করত। তাঁর কথা শুনতে ইচ্ছে করত। টোল-পড়া গালে আদর করে চাপড় দিতে ইচ্ছে করত। তিনি যখন কানের কাছে খসখসে গলায় সংগ্রাম আর যন্ত্রণার কথা বলতেন, হয়তো পরে বারবিকিউয়ে আসার নিমন্ত্রণও করতেন, তখন তাঁর শরীর থেকে ভেসে আসা সেই ‘গাউচো সুবাস’ বুক ভরে টেনে নিতে ইচ্ছে করত।
এক দশক পরেও পোচেত্তিনোকে দেখে মনে হয়, তিনি এখনও নিজের একটা ঘর খুঁজছেন, নিজের পূর্ণ রূপটা খুঁজছেন। ঠিক কোন অভিজ্ঞতা তাঁকে ভেঙে দিল, সেটা ভেবে দেখাও বেশ আগ্রহের বিষয়। হয়তো পিএসজি। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুলাই—আজও তাঁর একমাত্র বড় ট্রফিগুলির উৎস ওই সময়টাই।
প্যারিসে পোচেত্তিনোকে দেখে মনে হয়েছিল, তিনি আসার আগেই পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছেন। প্রস্তুতির অবকাশ ছাড়াই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল একগুচ্ছ বিস্ফোরক মহাতারকাকে জুড়ে একটি অর্থপূর্ণ দল গড়ে তোলার। পিএসজির তখন বিলাস-অবক্ষয়ের চরম যুগ। কিলিয়ান এমবাপেকে স্বৈরাচারী সেনাপতি হিসেবে দেখানো সেই আদি মিমটির জন্ম ওই সময়েই। আর নেমারকে দেখে মনে হত, তিনি বুঝি সারাক্ষণই কোনও অভিজাত ভূগর্ভস্থ ডিস্কোয় ক্রাচে ভর দিয়ে নাচছেন—মাথায় নিরেট সোনার বোলার হ্যাট, পায়ে চাঁদের পাথরে তৈরি জুতো।
পোচেত্তিনোকে যাঁরা চেনেন, তাঁদের বয়ানে উঠে এসেছিল তাঁর মোহভঙ্গের কথা। মহাতারকাদের আত্মম্ভরিতা, এখনও কিছুই প্রমাণ না-করা তরুণ ফুটবলারদের দেমাক, আর অনুশীলনের তীব্রতা ধরে রাখার ক্রমশ হেরে যাওয়া লড়াই—সব মিলিয়ে। হ্যাঁ, ইউনাইটেডে যাওয়ার আগেই এখান থেকে একটা সতর্কতার সাইরেন শোনা যাচ্ছে। ওখানে গিয়ে ব্যাপারটা কেমন দাঁড়াবে? ক্লাবের সংস্কৃতির সঙ্গে তাঁর খুব স্বাভাবিক মিল হবে বলে মনে হচ্ছে কি?
আবার এমনও হতে পারে, চেলসিই তাঁকে ভেঙেছিল। বেমানান একটি মরসুম, তার পরে পারস্পরিক সম্মতিতে বিদায়। ভারসাম্যহীন স্কোয়াড আর দিশাহীন কর্তৃপক্ষকে নিয়ে হতাশায় ভরা সেই সময়। আবারও প্রশ্ন: ছয় জন ম্যানেজারের আমলে জোড়াতালি দিয়ে তৈরি একটি স্কোয়াড, তার সঙ্গে পানশালার আড্ডার ধাঁচে মতামত বিলোনো ‘বিগ স্যার জিম’-এর নাক গলানো—এই সবের মধ্যে শৃঙ্খলা আর অর্থ খুঁজে বার করার জন্য এই মানুষটিকেই কি আদর্শ মনে হচ্ছে?
এমন যুক্তিও দেওয়া যায় যে, টটেনহ্যামই পোচেত্তিনোকে ভেঙেছিল। যদিও পাঁচটি মরসুম ধরে ক্লাব কোচিংয়ে সেটাই ছিল তাঁর সেরা সময়। টটেনহ্যামের সুদিন ফুরিয়েছিল কারণ পোচেত্তিনো ড্যানিয়েল লেভিকে বোঝাতে পারেননি, দল শক্তিশালী অবস্থানে থাকতেই তাকে আরও গড়ে তোলা দরকার। সেই দলের নিজের শক্তি নিজেই নিঃশেষ করে ফেলা অনিবার্য ছিল। পোচেত্তিনো তখন মারসেলো বিয়েলসার ফুটবল-দর্শনে বুঁদ: ফুটবল মানে দৌড়নোর খেলা, জয় আসে শরীর আর আবেগের সবটুকু নিংড়ে দেওয়ার মধ্যে দিয়ে।
শেষ পর্যন্ত যে জিনিসটি পোচেত্তিনোর স্পার্সকে সফল করেছিল, সেটিই তাকে মেরে ফেলল। প্রবল প্রাণশক্তিতে ভরপুর দলটি পরিণত হল এক জীবন্মৃত সত্তায়, ক্ষয়ে যাওয়া যন্ত্রাংশে তৈরি একটি স্কোয়াডে। পোচেত্তিনো নিজেও তত দিনে কিছুটা বিষণ্ণ, যুদ্ধক্লান্ত।
তা হলে ম্যানচেস্টারে স্বাগত। এই উপাদানগুলির কোনওটিকে চেনা চেনা লাগছে? হয়তো এখানে আকর্ষণীয় কিছু আছে। হয়তো দু’পক্ষের মিল হবে। ইউনাইটেড হয়তো এক ভূতুড়ে জাহাজ, অন্তহীন বায়ুহীন সমুদ্রে আটকে আছে। পোচেত্তিনোও হয়তো নিজের সেরা সময় পেরিয়ে এসেছেন। হান্সি ফ্লিক ২০১৯ সালে বায়ার্ন মিউনিখে নিজের প্রথম ট্রফি জিতেছিলেন পোচেত্তিনোর এখনকার বয়সেই। কিন্তু বহু বছর ধরে কোচিং করে আসা ৫৪ বছরের ম্যানেজাররা সাধারণত এই স্তরে আচমকা তাঁদের সেরা সময়ের দিকে ছুটতে শুরু করেন না।
আবার এটাও সত্যি, ফুটবল অনেক সময় খুঁটিনাটির যতটা, আবেগেরও ততটাই। আর ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে নিশ্চিত ভাবেই তেমন এক সত্তা—যার শুধু একটু ভালো লাগা দরকার, একটু উত্তাপ ছড়ানো দরকার, কোনও ভাবে চলতে থাকা দরকার। পোচেত্তিনো এলে অন্তত একটা গল্প তৈরি হবে। শেষ সুযোগ আর শেষ আশ্রয়ের মিলন। এখানে কি কোনও কাহিনির বাঁক তৈরি হতে পারে?
যদি হয়, তা হলে তার শুরুতেই চাই দীর্ঘ এক অ্যাকশন পর্ব। প্রিমিয়ার লিগে ইউনাইটেড এখন নীচ থেকে তিন নম্বরে। স্কোয়াডটি বেমানান সব যন্ত্রাংশে ঠাসা এক জ্বলন্ত আবর্জনার স্তূপ। ইতিবাচক দিক বলতে, পোচেত্তিনোর সেরা ফুটবলে একটা কড়া ঝাঁজ আছে, জমে থাকা আবর্জনা সাফ করে দেওয়ার ক্ষমতা আছে—সেই প্রবল তীব্রতার ৪-২-৩-১। এই ছকে মানিয়ে যাওয়ার মতো কিছু ফুটবলারও সেখানে রয়েছেন।
প্রতিপক্ষের প্রেসিং সামলে দ্রুত পাস দেওয়ার প্রয়োজনীয় গুণ আছে কোবি মাইনুর। কার্লোস বালেবা আর আন্দ্রে সান্তোস যতটা দেখিয়েছেন, তার চেয়ে অনেক ভালো দৌড়নির্ভর মিডফিল্ডার। অবশ্য এতে খুব বেশি প্রশংসা করা হল না। এখনও পর্যন্ত তাঁদের দেখে সে রকম কিছু মনেই হয়নি। মাতেউস কুনিয়া আর ব্রায়ান এমবেউমোকে তাড়া করতে, খাটতে, ছুটতে বলা হবে—সেটা তাঁরা পারেন। বেঞ্জামিন শেশকো এখনও ঠিক ছন্দ পাননি। তবে পোচেত্তিনো বড়সড় চেহারার স্ট্রাইকার পছন্দ করেন।
রক্ষণে দরকার গতি এবং রক্ষণসারিকে অনেকটা সামনে তুলে এনে খেলার ইচ্ছা। তার মানে, হ্যারি ম্যাগুয়ারকে আগের চেয়েও বেশি করে মনে হবে ফোর্ড মডেল টি-র দুনিয়ায় ঘোড়ায় টানা একটি ট্রেন। ব্রুনো ফের্নান্দেজকে কি কখনও সত্যি সত্যি আরও শৃঙ্খলা মেনে, কম ঝুঁকি নিয়ে খেলতে বলা হয়েছে? এ বার বলা হবে।
হ্যাঁ, আমরা এর আগেও বহু বার ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছি। পোচেত্তিনোকে নিয়োগ করার মধ্যে কোনও জাদুকরি সমাধান নেই, কোনও মহৌষধ নেই, কোনও মহাপরিকল্পনাও এতে পূর্ণতা পাচ্ছে না। কেউ পাঁক পরিষ্কার করছে না, বোর্ডরুমে আগুন ধরিয়ে দিচ্ছে না, কিংবা ক্লাবের প্রতিটি স্তরে সযত্নে প্রতিষ্ঠা করা মাঝারিয়ানার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে না।
পোচেত্তিনো নিজেই যেন ভালো সময়ের স্মৃতি আর ক্ষয়ে আসা ক্ষমতার এক চলমান প্রতিমূর্তি। কিন্তু জীবনে আরও অধ্যায় সব সময়ই থাকে। আর এ ক্ষেত্রে এমন কিছুর আভাস আছে, যা হয়তো নিজের মতো করে এক যৌথ নাটক উপহার দিতে পারে—ব্যক্তিগতও, সর্বজনীনও। সম্ভাবনা যত দূরবর্তীই হোক, ভেঙে যাওয়া নিজেকে আবার জোড়া লাগানোর একটা সুযোগ।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।