উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছিল পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এর আগেও অন্তত দু’বার দিলীপের বিরুদ্ধে যৌন অপরাধের গুরুতর অভিযোগ উঠেছিল, কিন্তু স্থানীয় সালিশি সভার মাধ্যমে প্রতিবারই সে আইনের হাত থেকে রেহাই পেয়ে গিয়েছিল।
গত মঙ্গলবার রায়গঞ্জের বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী। এর দু’দিন পর কুলিকের জঙ্গল থেকে তার পচাগলা বিবস্ত্র দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করা হয়েছিল। ঘটনার রহস্য উদ্ঘাটনে নেমে রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। ফুটেজেই দেখা যায়, মৃত কিশোরীর সাইকেলটি চালিয়ে নিয়ে যাচ্ছেন প্রতিবেশী দিলীপ রায়। কর্ণজোড়ার একটি ভাঙা লোহালক্কড়ের দোকানে সেই সাইকেল বিক্রির চেষ্টা করা হয়েছিল বলেও জানতে পারেন তদন্তকারীরা।
পুলিশের তথ্য অনুযায়ী, পেশায় রাজমিস্ত্রির সহকারী এই দিলীপের বিরুদ্ধে অতীতেও কামতাবাড়ি ও শিয়ালমনি এলাকায় নাবালিকাদের ওপর যৌন নির্যাতনের একাধিক অভিযোগ ছিল। কিন্তু প্রভাবশালী মহলের হস্তক্ষেপে সালিশি সভায় বিষয়গুলির মীমাংসা হয়ে যাওয়ায় পুলিশ পর্যন্ত জল গড়ায়নি। আশ্চর্যের বিষয় হলো, মঙ্গলবার যখন নিখোঁজ কিশোরীকে খোঁজাখুঁজি চলছিল, তখন পুলিশের চোখে ধুলো দিতে সে নিজেই মৃতার পরিবারের সঙ্গে মিশেছিল এবং পুলিশ ফাঁড়িতে গিয়ে পথ অবরোধের হুমকিও দিয়েছিল। পরবর্তীতে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে বিহার সীমান্ত এলাকায় তার হদিস পায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে নিহত হয় অভিযুক্ত দিলীপ।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।