শুক্রবার সন্ধ্যায় কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ১০ জনপথের বাসভবনে দলের সংসদীয় কৌশল গোষ্ঠীর বৈঠকও ডেকেছে কংগ্রেস। তার পরে বসবে ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠক। কৌশল গোষ্ঠীর সদস্য এক প্রবীণ কংগ্রেস সাংসদের কথায়, “আমাদের অগ্রাধিকার নিজেদের সাংসদদের ধরে রাখা। অন্য বিরোধী দলগুলিকেও তা-ই করতে বলব। আমরা মনে করি না বিজেপির হাতে সংখ্যা আছে, তবে ওদের কুমতলব সম্পর্কে সতর্ক থাকতে হবে।”

লোকসভায় দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল সমাজবাদী পার্টিও নিজেদের সাংসদদের উপরে কড়া নজর রাখছে। দলের এক নেতা বলেন, “কয়েক সপ্তাহ ধরে ওরা (বিজেপি) আমাদের সাংসদদের সঙ্গে যোগাযোগ করছে, নানা রকম প্রস্তাব দিচ্ছে। নিজেদের লোকেদের উপরে আমাদের ভরসা আছে, তবু নজর রাখছি। আমরা হুইপ জারি করব, আমাদের সব সাংসদ এই অসাংবিধানিক বিলের বিরুদ্ধে ভোট দেবেন।”

মধ্যস্থতায় মমতা

কংগ্রেস নেতারা জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের প্রবীণতম নেতাদের অন্যতম। তার উপরে ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে তাঁর সম্পর্কও ভাল। সেই কারণেই ডিএমকে-র সঙ্গে যোগাযোগের নেতৃত্ব দিচ্ছেন তিনি। সূত্রের খবর, প্রধান বিরোধী দল অন্য পথেও চেষ্টা চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এক সূত্র নিশ্চিত করেছে, “আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিএমকে-র নিয়মিত কথাবার্তা চলছে।”

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল সংবাদমাধ্যমকে বলেন, “আমরা সকলের কাছেই যাচ্ছি, কারণ আমার মনে হয় ডিএমকে বরাবর ভারতের সংবিধানের পাশে থেকেছে। যাঁরা ভারতের সংবিধানকে ভালবাসেন, তাঁরা এই ধরনের বিভেদকামী কর্মসূচি সমর্থন করতে পারেন না। তাই আগের মতোই আমরা অন্য সব বিরোধী দলের কাছেও যাব।”

স্ট্যালিন অবশ্য জানিয়ে দিয়েছেন, বিল নিয়ে তাঁদের অবস্থান বদলায়নি। লোকসভায় তামিলনাড়ুর ৭.১৮ শতাংশ আসনের ভাগ কোনও অবস্থাতেই কমানো চলবে না। তাঁর কথায়, “অবস্থানে কোনও বদল নেই, কোনও আপস নেই। তামিলনাড়ুর স্বার্থের প্রশ্নে ডিএমকে কখনও আপস করবে না, নিজেদের নীতি থেকেও সরে আসবে না।” সেই সঙ্গে কংগ্রেসকে বিঁধে তিনি বলেন, “ক্ষমতার লোভে যে নির্লজ্জ, অকৃতজ্ঞের দল নিজেদের নীতি বিসর্জন দিয়েছে, তাদের এটা বোঝা উচিত।”

সংখ্যার অঙ্ক

সংবিধান সংশোধনী বিল লোকসভায় পাশ করাতে এনডিএ সরকারের দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা চাই, অর্থাৎ পক্ষে ৩৬০টি ভোট। এপ্রিলে প্রথম চেষ্টায় ৫২৮ জন সাংসদ ভোট দিয়েছিলেন। সে বার সরকার ৫৪ ভোটে পিছিয়ে পড়েছিল।

তবে তার পর থেকে ছবিটা বদলেছে। কংগ্রেস টিভিকে-র হাত ধরায় তামিলনাড়ুতে কংগ্রেস-ডিএমকে জোট ভেঙে গিয়েছে। ডিএমকে এখন ইঙ্গিত দিয়েছে, তামিলনাড়ুর আসনের ভাগ না কমলে তারা বিলটি সমর্থন করতে পারে। শরদ পওয়ারের এনসিপি (এসপি)-কে নিজেদের দিকে টানতেও সর্বশক্তি নিয়োগ করেছে বিজেপি। ডিএমকে-র সাংসদ ২২ জন, এনসিপি (এসপি)-র আট জন। এর সঙ্গে ওয়াইএসআরসিপি-র চার জনকে ধরলে সংখ্যাটা দাঁড়ায় ৩৪। এই ৩৪ জন সাংসদ বিল সমর্থন করলেও দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা থেকে পিছিয়ে থাকবে এনডিএ শিবির। বিজেপি সূত্রের দাবি, তৃণমূলের যে ২০ জন বিদ্রোহী সাংসদ দল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়ায় যোগ দিয়েছেন, তাঁদের সমর্থনও মিলবে।

রাজ্যসভায় তৃণমূলের উপদলনেতা সাগরিকা ঘোষ বলেন, “তৃণমূলের ২০ জন বিশ্বাসঘাতক সাংসদের বিরুদ্ধে সদস্যপদ খারিজের আবেদন ঝুলে রয়েছে। ছ’মাসেও লোকসভার স্পিকার সে বিষয়ে কোনও রায় দেননি। সুপ্রিম কোর্টের নির্দেশও মানা হয়নি। এই বিশ্বাসঘাতকদের কি এখন লোকসভায় আসন পুনর্বিন্যাস বিলে ভোট দিতে দেওয়া হবে? তাঁদের ভোট কি বৈধ? এত দিনে যাঁদের সদস্যপদ খারিজ হয়ে যাওয়ার কথা, তাঁরা ভোট দেন কী করে?”