বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর এক নিরাপত্তারক্ষী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নিশান্ত কুমারকে ধাক্কা দিচ্ছেন বলে দাবি করে একটি ভিডিও ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, রাজ্যে বিতর্ক শুরু হয়। নিশান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি গ্রুপ তদন্ত করে ঘটনাটিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে জানিয়েছে।

ঘটনাটি বুধবার, ১৮ নভেম্বর, বৈশালী জেলায়। আগামী ২১ নভেম্বর সেখানে নীতীশ কুমারের নামে একটি ছয় লেনের সেতু উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন নিশান্ত।

ঘটনায় তীব্র আপত্তি জানিয়েছেন জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান মুখপাত্র ও বিহার বিধান পরিষদের সদস্য নীরজ কুমার। ভিডিওটিকে ‘উদ্বেগজনক ও বেদনাদায়ক’ আখ্যা দিয়ে তাঁর দাবি, ধাক্কা ইচ্ছাকৃত ভাবে দেওয়া হয়েছিল, নাকি অসাবধানতাবশত লেগেছিল, বিহার পুলিশ তা তদন্ত করে দেখুক। পটনায় নিজের সরকারি বাসভবনে নীরজ সাংবাদিকদের বলেন, “নিশান্ত কুমার বৈশালী জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেই গিয়েছিলেন।”

বিরোধী রাষ্ট্রীয় জনতা দলও (আরজেডি) এক্সে ভিডিওটি শেয়ার করে এনডিএ সরকারকে কটাক্ষ করেছে। দলের বক্তব্য, “বেচারা নীতীশ কুমার অসুস্থ হয়ে জ্ঞান হারাতেই বিজেপি প্রথমে তাঁর মুখ্যমন্ত্রীর পদ কেড়ে নিল। এখন বিজেপির মুখ্যমন্ত্রীর পুলিশ অফিসারদের হাতে ধাক্কা খেতে হচ্ছে তাঁর ছেলেকেও।”

আরজেডি প্রধান লালুপ্রসাদের মেয়ে রোহিণী আচার্যও ভিডিওটি পোস্ট করে প্রশ্ন তুলেছেন, “নীতীশকাকা আর ভাই নিশান্তকে কেন এমন অপমান সহ্য করতে হচ্ছে?” তিনি লেখেন, “প্রথমে নীতীশ কুমারকে অপমান করে সরিয়ে দেওয়া হল। এখন বিজেপি তাঁর ছেলে নিশান্তকে প্রকাশ্যে অপমান করছে। মনে হচ্ছে, নীতীশজি নিজের আত্মসম্মান আর মর্যাদা পুরোপুরি বিসর্জন দিয়েছেন। এখন ছেলেকেও নিজের পথে হাঁটতে বাধ্য করছেন।”

আরজেডি ও জেডি(ইউ) ফের হাত মেলাতে পারে কি না, জানতে চাওয়া হলে বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব বলেন, “কে কী বলছেন জানি না। তবে ভোটের আগে আমি যা যা বলেছিলাম, সবই সত্যি হচ্ছে। বলেছিলাম, বিজেপি নীতীশজিকে মুখ্যমন্ত্রীর পদে থাকতে দেবে না। সেটাই হয়েছে।”

তেজস্বী আরও বলেন, “জেডি(ইউ) এখন আর ঐক্যবদ্ধ নেই। দল ভাগ হয়ে গিয়েছে। নিজেদের স্বার্থ আর সুখসুবিধার জন্য সঞ্জয় ঝা ও ললন সিংহ নীতীশজিকে বিজেপির কাছে নিয়ে গিয়েছিলেন। ওঁরা জেডি(ইউ)-কে শেষ করে দিতে চান। সে জন্যই নিশান্তকে উপমুখ্যমন্ত্রী করা হয়নি। উপমুখ্যমন্ত্রী তো দূরের কথা, নীতীশজি মুখ্যমন্ত্রী থাকলে নিশান্তকেও মুখ্যমন্ত্রী করা হত। নীতীশজির জ্ঞান থাকলে তিনি মহাগঠবন্ধনেই থাকতেন।”

কয়েক দিন আগেই ঔরঙ্গাবাদের আরজেডি সাংসদ অভয় কুশওয়াহা বলেছিলেন, নীতীশ মহাগঠবন্ধনে ফিরতে চাইলে লালুপ্রসাদ ও তেজস্বী তাঁকে স্বাগত জানাবেন। অভয়ের কথায়, নীতীশ চাইলে তাঁর ছেলেকেও মুখ্যমন্ত্রী করা যেতে পারে।