ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলাকালে বিজেপি ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিয়োগ করেছিল। সমাজবাদী পার্টি (এসপি) নিয়োগ করেছিল ১ লক্ষ ৫৭ হাজার এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) ১ লক্ষ ৫৪ হাজার। গত সপ্তাহে ‘আজ তক পঞ্চায়েত’ অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, পঞ্চায়েতের ভোটার তালিকায় নাম থাকা ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম বিধানসভার ভোটার তালিকায় নেই, যদিও তাঁরা সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

বিজেপির আর এক নেতা বলেন, আদিত্যনাথের এই দাবি আমলাতন্ত্রের উপর রাজ্য সরকারের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছে। তাঁর কথায়, “বুথ লেভেল অফিসার (বিএলও) থেকে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)—সবাই রাজ্য সরকারের কর্মী। দায়িত্ব পালনে তাঁরা যদি গাফিলতি করে থাকেন, তা হলে উচ্চপদস্থ আধিকারিক ও মন্ত্রীরা তা নজরে আনলেন না কেন?”

নির্বাচন কমিশনের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, এই প্রক্রিয়া চলাকালে বুথ স্তরে বিজেপি কর্মীদের তুলনায় সমাজবাদী পার্টির কর্মীরা বেশি সক্রিয় ছিলেন।

ওই আধিকারিক বলেন, “এই প্রথম আমরা দেখলাম, বুথ স্তরে বিজেপির বিএলএ-দের চেয়ে এসপি কর্মীরা বেশি সক্রিয়। মুসলিম ভোটাররাও নিজেদের নাম যাচাই করা এবং তথ্যের কোনও যুক্তিগত অসংগতির কারণে যাতে নাম বাদ না পড়ে, তা নিশ্চিত করার ব্যাপারে বেশি সতর্ক ও তৎপর ছিলেন। হিন্দু ভোটারদের উৎসাহ তুলনায় কম ছিল। তাঁরা ধরে নিয়েছিলেন, তাঁদের নাম বাদ যাবে না।”

বিজেপির আরও এক নেতা প্রশ্ন তুলেছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কয়েক মাস পরে কেন এই অসংগতির কথা তোলা হচ্ছে। তাঁর বক্তব্য, “রাজ্য সরকারের কাছে জনকল্যাণমূলক প্রকল্পের উপভোক্তাদের তালিকা রয়েছে। অনেক আগেই তার সঙ্গে ভোটার তালিকা মিলিয়ে দেখা যেত। চূড়ান্ত তালিকা প্রকাশের ছয় মাস পরে এই প্রশ্ন তোলা হচ্ছে কেন?”

আদিত্যনাথ মন্ত্রিসভার এক সদস্য পরোক্ষে সরকারি আধিকারিকদের দিকেই আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, তাঁরা বিজেপির হয়ে কাজ করেন না। মন্ত্রী বলেন, “বিএলও এবং ইআরও-রা সরকারি কর্মী, দলের কর্মী নন। তাঁদের কারও কারও কোনও বিশেষ রাজনৈতিক মতাদর্শের প্রতি ঝোঁক থাকা এবং সেই অনুযায়ী নাম তোলা বা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া অসম্ভব নয়। বিএলএ, দলীয় নেতা ও মন্ত্রীদের পক্ষে প্রত্যেক ভোটারের আবেদনের খোঁজ রাখা সম্ভব নয়।”

এর মধ্যেও রাজনৈতিক সুযোগ দেখছেন কেউ কেউ

দলের অন্য একাংশ অবশ্য এর মধ্যে রাজনৈতিক সুযোগ দেখছে। এক প্রবীণ নেতার কথায়, “বিষয়টি যেহেতু হিন্দু ভোটারদের নিয়ে, তাই এটি বিজেপির পক্ষে হিন্দু সমর্থন সংহত করতে সাহায্য করতে পারে। এসআইআরের পরে ভোটারদের মধ্যে মুসলিমদের শতকরা হার বেড়েছে বলেও বিষয়টি তাৎপর্যপূর্ণ।”

সূত্রের খবর, জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে আলোচনা করতে আদিত্যনাথ এবং বিজেপির রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিধান পরিষদের সদস্য ও দলীয় পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন। তালিকা চূড়ান্ত হওয়ার আগে প্রতিটি বুথে অন্তত ২০০ জন ভোটারের নাম যুক্ত করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল নেতৃত্ব।

প্রস্তুতি জোরদার বিজেপি–আরএসএসের

২০ নভেম্বর থেকে ভোটারদের খুঁজে বার করার যে অভিযানের পরিকল্পনা করেছে দল, এবং সোমবার মথুরায় যে ‘যোজনা বৈঠক’ হওয়ার কথা, তার পাশাপাশি উত্তরপ্রদেশজুড়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার কাজ শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

নির্বাচনী প্রস্তুতির তদারকিতে রাজ্যের ছয়টি অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে আরএসএস-পটভূমির ছয় সাংগঠনিক নেতাকে। রাজ্যের ৪০৩টি বিধানসভা কেন্দ্র এবং ৯৮টি সাংগঠনিক জেলায় অন্য রাজ্য থেকে বিজেপি ও আরএসএসের আরও নেতা মোতায়েনের পরিকল্পনাও রয়েছে।

  • এন মধুকর: অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন)। তাঁকে কাশী অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী এই অঞ্চলের অন্তর্গত। এখানে বিধানসভা আসন রয়েছে ৭১টি।

  • চন্দ্রশেখর: মধ্যপ্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন)। তিনি দেখবেন গোরক্ষপুর অঞ্চল। আদিত্যনাথের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলে রয়েছে ৬২টি আসন।

  • কর্মবীর: ছত্তীসগঢ় বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন)। তাঁকে দেওয়া হয়েছে ৮২ আসনের অওধ অঞ্চলের দায়িত্ব।

  • পবন সাই: ঝাড়খণ্ড বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন)। তিনি দেখবেন কানপুর–বুন্দেলখণ্ড অঞ্চল। এখানে আসন রয়েছে ৫২টি।

  • সতীশ ধোন্ড: মহারাষ্ট্র বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন)। তাঁকে দেওয়া হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব। এই অঞ্চলে রয়েছে ৭১টি আসন।

  • অজেয় কুমার: রাজস্থান বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন)। তিনি দেখবেন ব্রজ অঞ্চল। এখানে আসন রয়েছে ৬৫টি।

এই ছয় জনই আরএসএসের পূর্ণসময়ের কর্মী এবং বিজেপির সাংগঠনিক কাজ পরিচালনার অভিজ্ঞতা তাঁদের রয়েছে।

বিজেপির এক নেতা বলেন, “ভোটের সময়ে ক্ষমতা ও কাজের ভার ভাগ করে দেওয়ার জন্যই এই ব্যবস্থা। এই নেতারা নিজেদের অঞ্চলের সাংগঠনিক বিষয়গুলি দেখবেন, রাজ্যের সাধারণ সম্পাদক (সংগঠন) ধরমপাল সিংহের সঙ্গে সমন্বয় রাখবেন এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষকে রিপোর্ট দেবেন।”

ছটপুজোর পরে এই ছয় নেতার নিজ নিজ আঞ্চলিক সদর দফতরে পৌঁছনোর কথা। তাঁরা বিভিন্ন বিধানসভা কেন্দ্র ঘুরবেন, দলীয় বৈঠকে যোগ দেবেন এবং প্রচারসংক্রান্ত সমস্যার সমাধান করবেন।

বিজেপির এক প্রবীণ নেতা জানিয়েছেন, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিনি বলেন, “ধরমপাল তখন ঝাড়খণ্ডে সাধারণ সম্পাদক (সংগঠন) ছিলেন। তাঁকে কাশী অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছিল।”

এ ছাড়াও প্রতিটি জেলা ও বিধানসভা কেন্দ্রে অন্তত এক জন অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। এ ক্ষেত্রে আরএসএস-পটভূমির নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিজেপির এক সূত্র বলেন, “যে সব রাজ্যে নির্বাচন হচ্ছে না, সেগুলির প্রত্যেকটি থেকে অন্তত ৪০ জন নেতা উত্তরপ্রদেশে এসে থাকবেন। ভোট পরিচালনা, সাংগঠনিক সমস্যার সমাধান এবং শরিকদের সঙ্গে সমন্বয়ের কাজে তাঁদের অভিজ্ঞতা ব্যবহার করা হবে। গুজরাত, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, বিহার এবং অন্যান্য রাজ্যের নেতাদের এমন এলাকায় দায়িত্ব দেওয়া হবে, যেখানে ওই সব রাজ্য থেকে আসা ভোটাররা বসবাস করেন।”

সোমবার থেকে মথুরায় দু’দিনের ‘যোজনা বৈঠক’ করবে বিজেপি। আরএসএস ও বিজেপির প্রায় ৫০ জন শীর্ষস্থানীয় পদাধিকারীর পাশাপাশি আদিত্যনাথ, দুই উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক, রাজ্যের কয়েক জন বাছাই করা মন্ত্রী এবং পঙ্কজ চৌধুরীর সেখানে যোগ দেওয়ার কথা।

বিজেপির এক পদাধিকারী বলেন, “বৈঠকে নির্বাচনী রণকৌশল, ভোটার তালিকা, প্রচারের বিষয়, তারকা প্রচারক, নির্বাচনী ইস্তাহার, প্রতিটি বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি এবং শরিকদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে।”