রাজস্থানের গ্রামীণ নির্বাচনে বড় ধাক্কা খেয়ে নড়েচড়ে বসেছে বিজেপি নেতৃত্বের একাংশ। কয়েক জন নেতার মতে, বিধানসভা ভোট এখনও বছর দুয়েক দূরে, তার অনেক আগেই দলের সাংগঠনিক ও রাজনৈতিক কৌশল খতিয়ে দেখা দরকার।
৩৭টি জেলা পরিষদের মধ্যে ২৩টিতে বিরোধী কংগ্রেস স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পঞ্চায়েত সমিতিতেও তারা বিজেপির চেয়ে ৭০ শতাংশ বেশি আসন জিতেছে। এতে স্পষ্ট, গ্রামের মানুষের মন বড় রকম ঘুরেছে। অথচ সেপ্টেম্বরের পুরভোটে শাসকদল নিজের জমি ধরে রেখেছিল।
কেন্দ্রীয় স্তরের নেতা-সহ বিজেপির বেশ কয়েক জন মনে করছেন, বিভিন্ন রাজ্যে সংগঠনের ফাঁকফোকর মেরামত করতে দলের এখনই হস্তক্ষেপ করা উচিত। আগামী বছর একাধিক রাজ্যে ভোট, তার মধ্যে সবচেয়ে বড় উত্তরপ্রদেশ। তাই বিষয়টি জরুরি।
এক প্রবীণ নেতার কথায়, "উত্তরপ্রদেশ-সহ গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের প্রস্তুতি যখন চলছে, ঠিক তখনই এই ফল এল। এই বার্তা উপেক্ষা করা যায় না, হালকা ভাবে নেওয়াও যায় না।" আর এক নেতা বললেন, "বিজেপি ক্যাডার-নির্ভর দল। বহু রাজ্যে দলের সবচেয়ে বড় সমস্যা হল ক্যাডারের একাংশের হতাশা। এখন তা শোধরানোর কোনও কার্যকর ব্যবস্থা নেই। অনেকেরই মনে হচ্ছে, মজবুত সংগঠন অগ্রাধিকারের তালিকায় নীচে নেমে গিয়েছে, শুধু রাজনৈতিক বোঝাপড়া চলছে।"
সমাজমাধ্যমের হিসেব, বৈঠকের খরা
সাম্প্রতিক মাসগুলিতে দল জনসংযোগে জোর দিয়েছে। বিধায়ক, সাংসদ ও মন্ত্রীদের বলা হয়েছে সমাজমাধ্যমে তাঁদের কাজকর্মের রিপোর্ট জমা দিতে। তাতে এক্স আর ইনস্টাগ্রামে ক'টা পোস্ট হল, তার হিসেবও দিতে হবে।
এক নেতার আক্ষেপ, "এর পিছনে এত সময় আর শক্তি খরচ হচ্ছে। মানুষের সাড়া পাওয়ার নিরিখে এই কাজ কতটা কার্যকর, তা এখনও মাপাই হয়নি... শীর্ষ নেতৃত্ব বেশির ভাগ নিয়োগই করছে তেমন আলোচনা ছাড়া।"
আর এক নেতা মনে করিয়ে দিলেন, ২০২৩ সালের জানুয়ারির পর থেকে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক হয়নি। দলীয় সংবিধান অনুযায়ী প্রতি তিন মাস অন্তর এই বৈঠক হওয়ার কথা, আগে অন্তত বছরে এক বার হত। ওই পদাধিকারী আরও বললেন, নতুন সভাপতি নীতিন নবীন এবং নতুন পদাধিকারীদের নিয়োগেও "নজিরবিহীন দেরি" হয়েছে।
"কংগ্রেসের প্রতি ভালবাসা নয়"
রাজস্থানের একাধিক নেতা-সহ বিজেপি নেতারা এই বিপর্যয়ের পিছনে নানা কারণ দেখছেন। তার মধ্যে রয়েছে আমলাতন্ত্রের "মাত্রাছাড়া প্রভাব", দুর্বল রাজ্য নেতৃত্ব, এবং দলের প্রবীণদের একাংশের কাছ থেকে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সমর্থন না পাওয়া। কেউ কেউ আবার ইউজিসি-র সমতা নির্দেশিকার জেরে উচ্চবর্ণ ভোটারদের একাংশের ক্ষোভকে দায়ী করছেন। রাজ্যের এক প্রবীণ বিজেপি নেতার কথায়, "এটা কংগ্রেসের প্রতি ভালবাসা নয়, বিজেপির প্রতি অসন্তোষ।"
রাজস্থানের বিজেপি নেতারা বলছেন, গ্রামীণ ভোটের এই ফল দলের পক্ষে "চরম অস্বস্তির"। সরকারের প্রকল্প, পরিকল্পনা আর কর্মসূচির সুবাদে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দল সাধারণত খারাপ ফল করে না। তাঁদের যুক্তি, ক্ষমতা মানেই তহবিল, আর সেটাই সাধারণত জয়ের সূত্র। কিন্তু এ বার সে সূত্র খাটেনি।
বেরিয়ে পড়েছে ছুরি
খারাপ ফলের পরেই দলের অন্দরে ছুরি শানানো শুরু হয়ে গিয়েছে। এক নেতার কথায়, "মূল সমস্যা প্রশাসনিক ব্যর্থতা। কোনও বড় পদক্ষেপের আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করেন না, তাঁদের সহযোগিতাও চান না। ফলে কাজের মধ্যে কোনও সমন্বয় নেই। শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব নেই, আমলারা নিজেদের মর্জিমতো চলছেন। এখন ইউজিসি-র নিয়ম-টিয়মের কথা তুলে মুখ্যমন্ত্রী আর তাঁর লোকজন কেন্দ্রের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন।"
মুখ্যমন্ত্রী শর্মার বিরোধীরা দেখাচ্ছেন, তাঁর নিজের কেন্দ্র জয়পুর জেলার সাঙ্গানের এবং তাঁর নিজের জেলা ভরতপুর, দু'জায়গাতেই দল মুখ থুবড়ে পড়েছে। সাঙ্গানেরে হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ১৫টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে আটটি জিতেছে, বিজেপি আর কংগ্রেস পেয়েছে তিনটি করে। ভরতপুরে ৩১টি জেলা পরিষদ আসনের মধ্যে কংগ্রেস জিতেছে ২১টি, বিজেপি মাত্র একটি।
তবে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক নেতা তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর সংস্কারের উদ্যোগে কোনও মন্ত্রীই সমর্থন দেননি। "উনি যখন দায়িত্ব নেন, তখন অন্তত সাত জন মুখ্যমন্ত্রী হওয়ার আশায় ওই কুর্সির দিকে তাকিয়ে ছিলেন। কেউ পাশে দাঁড়াননি। রাজ্যের উন্নয়নের জন্য উনি কিছু কড়া পদক্ষেপ করতে চেয়েছিলেন বলেই আমলাতন্ত্র মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চলে যায়।"
কংগ্রেস সাংসদ রাহুল কাসওয়ান ফল নিয়ে বলেছেন, "ওরা (সরকার) অজস্র প্রতিশ্রুতি দিয়েছিল, একটাও পূরণ হয়নি। শিক্ষা হোক বা পানীয় জল, মৌলিক পরিকাঠামোতেও কোনও অগ্রগতি নেই। আর মুখ্যমন্ত্রী ভরসা রাখেন আমলাতন্ত্রের উপর, যারা প্রকল্পগুলি ঠিকমতো চালু করতে পারেনি।"
ছবি: পঞ্চায়েত নির্বাচনে দলের জয়ের পরে জয়পুরে রাজস্থান প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ সিংহ দোতাসরা (বাঁ দিকে) এবং বিরোধী দলনেতা টীকারাম জুলি। রোহিত জৈন পারস
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।