নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভ চলছে। মূল্যবৃদ্ধি আর বেকারত্ব বেড়েই চলেছে, দেশ জুড়ে ভয়াবহ খরা। বিশ্ব-রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের সমীকরণ দ্রুত বদলাচ্ছে, জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও ভেস্তে গিয়েছে। এত কিছুর মধ্যেও সরকারের এক নম্বর অগ্রাধিকার একটিই। পরবর্তী লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, অর্থাৎ ডিলিমিটেশন, সেরে ফেলতে হবে।

কেন? স্পষ্টতই, শাসক শিবিরের স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক নকশায় ডিলিমিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত ডিলিমিটেশন নিয়ে আমাদের বিতর্ক মূলত একটি প্রশ্নেই আটকে থেকেছে: লোকসভায় কোন রাজ্য কতগুলি আসন পাবে। কিন্তু ডিলিমিটেশনের আরও দু'টি অঙ্গ রয়েছে। প্রথমটি হল লোকসভা ও বিধানসভা, দুই স্তরেরই কেন্দ্রগুলির সীমানা নতুন করে আঁকা। দ্বিতীয়টি হল তফসিলি জাতি ও জনজাতির জন্য, এবং এখন মহিলাদের জন্যও, 'সংরক্ষিত' কেন্দ্রগুলি নতুন করে চিহ্নিত করা।

এখনও পর্যন্ত বিরোধীরা জোট বেঁধেছে একটিমাত্র আশঙ্কাকে ঘিরে। আশঙ্কা হল, বিজেপি সংসদে আঞ্চলিক ভারসাম্য বদলে দিয়ে স্থায়ী সুবিধা আদায় করতে চাইছে। সংসদ যদি সংবিধান সংশোধন করে ২০২৭ সালের জনগণনার হিসেবে আসন পুনর্বণ্টনের পথ খুলে দেয়, তা হলে বিজেপির বিপুল লাভ। দক্ষিণ ও পূর্ব ভারতের সব অ-হিন্দিভাষী রাজ্যের আসনের ভাগ কমে যাবে, আর উত্তর ভারতের 'হিন্দি বলয়'-এর ভাগ সেই তুলনায় বেড়ে যাবে।

এই আশঙ্কা অমূলক নয়। এটাই ছিল বিজেপির প্ল্যান এ। ১৩১তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে সেই চেষ্টা হয়েছিল, এবং তা ব্যর্থ হয়েছে। লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে মোটামুটি ৮৫০ করার প্রস্তাবের আসল উদ্দেশ্য ছিল অ-হিন্দিভাষী রাজ্যগুলির কমে যাওয়া ভাগ আড়াল করা। সেই প্রস্তাবে কেরলের আসনসংখ্যা বদলাত না। কিন্তু সেই ২০টি আসন আর এখনকার ৫৪৫-এর মধ্যে ২০ থাকত না, হয়ে যেত বর্ধিত ৮৫০-এর মধ্যে ২০। স্থায়ী সংখ্যাগরিষ্ঠতার যে দীর্ঘমেয়াদি লক্ষ্য বিজেপির রয়েছে, তার সঙ্গে এই ছক নিখুঁত ভাবে মিলে যায়।

এপ্রিলের বিপর্যয় প্ল্যান এ-র সীমাবদ্ধতা স্পষ্ট করে দিয়েছে। বোঝা গিয়েছিল, দক্ষিণ ভারতের রাজ্যগুলি এই সূত্রে কিছুতেই রাজি হবে না, এমনকি বিজেপির শরিকদের শাসিত রাজ্যগুলিও নয়। তা ছাড়া দক্ষিণে খানিকটা নির্বাচনী সাফল্যের স্বাদ পাওয়ার পরে বিজেপির পক্ষেও সেখানে নিজের দরজা চিরকালের মতো বন্ধ করে দেওয়া সম্ভব ছিল না।

তাই বিজেপি সম্ভবত এখন প্ল্যান বি-র দিকে ঝুঁকছে। এই পরিকল্পনার মূল কথা হল, আপাতত যুক্তরাষ্ট্রীয় ভারসাম্যে হাত না দিয়ে তড়িঘড়ি ডিলিমিটেশন সেরে ফেলা। মনে হচ্ছে, শাসক দল এখন বর্ধিত লোকসভায় প্রতিটি রাজ্যের ভাগ অক্ষুণ্ণ রাখতে রাজি। আগে তারা মুখে আশ্বাস দিয়েছিল যে প্রতিটি রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়ানো হবে। সেই আশ্বাস নতুন ডিলিমিটেশন বিলে লিখিত ভাবে রাখতেও তারা হয়তো রাজি হবে। সে ক্ষেত্রে কেরলকে এখন ৩০টি আসনের প্রস্তাব দেওয়া হতে পারে। এই ছাড় দিয়ে দক্ষিণে বিরোধীদের ঠেকিয়ে রাখা যেতে পারে। তাতে সরকার মূল সংবিধান সংশোধনী বিল আর একটি সংশোধিত ডিলিমিটেশন বিল পাশ করিয়ে নেওয়ার সুযোগ পাবে।

প্ল্যান বি দিয়ে শাসক দল তিনটি লক্ষ্য পূরণ করতে পারবে। প্রথমত, ২০২৯ সালের নির্বাচনের অনেক আগেই সরকার গোটা দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে এঁকে ফেলতে পারবে। নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ এত দিন ছিল নিছক নিয়মমাফিক একটি কাজ। সেই কাজকে এই সরকার কী ভাবে বিপুল নির্বাচনী সুবিধার হাতিয়ার করে তুলতে পারে, তার নমুনা আমরা অসম এবং জম্মু-কাশ্মীরে ইতিমধ্যেই দেখেছি ('আমেরিকার জেরিম্যান্ডারিং এ বার ভারতে: অসমে একপেশে হয়ে গেল খেলার মাঠ', ইন্ডিয়ান এক্সপ্রেস, ৪ মার্চ)। ধরে নেওয়াই যায় যে বিজেপির সদর দফতরের কোনও ড্রয়ারে একটি নতুন নির্বাচনী মানচিত্র ইতিমধ্যেই তৈরি হয়ে পড়ে রয়েছে, ভোটারদের ধর্ম ও জাতের বিন্যাস মেপে সূক্ষ্ম ভাবে সাজানো। বর্তমান শাসকদের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে একটি নতুন ডিলিমিটেশন কমিশন নিয়োগ করা, যা সেই মানচিত্রে আইনি সিলমোহর দেবে। এর ফলে ভোট শুরুর আগেই ৩০ থেকে ৫০টি লোকসভা আসন বিজেপির পকেটে চলে আসতে পারে।

এই পরিকল্পনার দ্বিতীয় অংশ হবে তফসিলি জাতি, জনজাতি ও মহিলাদের জন্য সংরক্ষিত আসন এমন ভাবে ভাগ করা, যাতে বিরোধী শিবিরের প্রধান নেতারা আরও বেকায়দায় পড়েন। রায়বরেলী বা ওয়েনাড়ের মতো কেন্দ্র সংরক্ষিত তালিকায় চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। অর্থাৎ, ২০২৮ সালের শেষ নাগাদ আমাদের সামনে থাকতে পারে ভারতের সম্পূর্ণ নতুন এবং বাঁকাচোরা এক নির্বাচনী মানচিত্র। বিরোধীদের হয়তো খেলতে হবে সদ্য তৈরি এক পিচে, নতুন নিয়মে, আর তার সবটাই সাজানো থাকবে বিজেপির সুবিধা মাথায় রেখে।

তৃতীয়ত, এপ্রিলে পেশ করা সেই একই সংবিধান সংশোধনী বিল বিজেপি যদি পাশ করিয়ে নিতে পারে, তা হলে একটি দীর্ঘমেয়াদি সুবিধাও তাদের হাতে চলে আসবে। লোকসভায় রাজ্যওয়ারি আসনসংখ্যার ভবিষ্যৎ পুনর্বণ্টন আর কোনও সাংবিধানিক সূত্রে বাঁধা থাকবে না। তখন সরকার সাধারণ আইন পাশ করেই লোকসভার আঞ্চলিক ভারসাম্য বদলে দিতে পারবে।

বিরোধীদের লড়াই এর সঙ্গেই। এখনও পর্যন্ত তারা প্ল্যান এ-র মোকাবিলা করেছে এবং তাকে হারিয়েছে। সরকার একই প্রস্তাব ফের আনলে তা আটকাতে 'ইন্ডিয়া' জোটের দলগুলি আবার তৈরি হচ্ছে। কিন্তু সরকার হয়তো সেই প্রস্তাব আর আনবেই না। তাই বিরোধীদের এখন প্ল্যান বি-র জবাব দেওয়ার প্রস্তুতি নিতে হবে। কাজটা সহজ হবে না, কারণ এই মুহূর্তে পাল্লা ভারী সরকারেরই। ২০২৭ সালের জনগণনার পরিসংখ্যান প্রকাশিত হলেই ডিলিমিটেশনের উপরে বর্তমান স্থগিতাদেশ আপনা থেকে উঠে যাবে। নতুন করে ডিলিমিটেশনের জন্য সরকারের সংবিধান সংশোধনের দরকার নেই। দরকার শুধু অতীতের আইনের ধাঁচে একটি নতুন ডিলিমিটেশন আইন, যা সাধারণ সংখ্যাগরিষ্ঠতাতেই পাশ করানো যায়। আর তাতেই প্ল্যান বি-র প্রথম দু'টি লক্ষ্য পূরণ হয়ে যাবে।

আমাদের নির্বাচনী গণতন্ত্রের উপরে এই নতুন আক্রমণ রুখতে দরকার রাজনৈতিক উদ্ভাবনী বুদ্ধি, সংসদীয় কৌশল আর গণ-আন্দোলন।