১৯৯৬ সালে বিএসপির সঙ্গে জোট বেঁধে লড়ে ১২৬টির মধ্যে ৩৩ আসন জেতাই ছিল উত্তরপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের সেরা ফল। তারপর থেকে তার সংখ্যা ক্রমশ কমেছে। ২০২২-এ দল জিতেছে মাত্র দু'টি আসন, ভোটের হার নেমেছে ২.৩৩ শতাংশে।
কংগ্রেস–সপা আসন: উত্তরপ্রদেশ নির্বাচনের আসনরফা নিয়ে সোমবার দিল্লিতে দুই দলের বৈঠক হওয়ার সম্ভাবনা। (ফাইল চিত্র)
কংগ্রেস ১৮১টি আসনের, অর্থাৎ ৪৫ শতাংশ আসনের একটি তালিকা জমা দিয়েছে। কিন্তু মিত্রের অতীত পারফরম্যান্সের কথা তুলে এত বড় অংশ ছেড়ে দিতে নারাজ সমাজবাদী পার্টি (সপা), 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস' সূত্রে এমনটাই জানা গিয়েছে। উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন ৪০৩টি। গত ছ'টি বিধানসভা নির্বাচনের বিশ্লেষণে দেখা যাচ্ছে, কংগ্রেস গড়ে ২৯৮টি আসনে লড়ে জিতেছে ১৯টিতে, গড় ভোটের হার ৭.৬৯ শতাংশ।
আসনরফা
২০১২-র নির্বাচনে কংগ্রেসের ফলে কিছুটা উন্নতি দেখা গিয়েছিল।
কংগ্রেসের অতীত রেকর্ড
কংগ্রেসের সর্বকালের সেরা ফল এসেছিল ১৯৯৬ সালে। মায়াবতীর নেতৃত্বাধীন বহুজন সমাজ পার্টির (বিএসপি) সঙ্গে জোট বেঁধে মুসলিম ও দলিত ভোট একত্র করার চেষ্টায় তারা লড়েছিল ১২৬টি আসনে, জিতেছিল ৩৩টিতে, ভোটের হার ছিল ৮.৩৫ শতাংশ। তত দিনে কংগ্রেসের দলিত ভোটে থাবা বসিয়ে ফেলা বিএসপি লড়েছিল ২৯৬টি আসনে, জিতেছিল ৬৭টিতে, ভোটের হার ১৯.৬৪ শতাংশ।
২০০২ সালে কংগ্রেস একলা চলার সিদ্ধান্ত নেয় এবং রাজ্যের ৪০২টি আসনে প্রার্থী দেয়। ভোটের হার সামান্য বেড়ে ৮.৯৬ শতাংশ হলেও আসনসংখ্যা নেমে আসে ২৫-এ।
পাঁচ বছর পর, ২০০৭ সালে কংগ্রেসের সংখ্যা আরও কমে। একা লড়ে ৩৯৩টি আসনে প্রার্থী দিয়ে তারা জেতে মাত্র ২২টিতে, ভোটের হার ৮.৬১ শতাংশ। সে বার বিএসপিও এককভাবে লড়ে নিরঙ্কুশ গরিষ্ঠতা পায় এবং মায়াবতীর নেতৃত্বে সরকার গড়ে।
২০১২-র নির্বাচনে কংগ্রেসের ফলে কিছুটা উন্নতি দেখা যায়। রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) সঙ্গে জোট করে ৩৫৫টি আসনে লড়ে তারা জেতে ২৮টিতে, ভোটের হার ১১.৬৫ শতাংশ। আরএলডি লড়েছিল ৪৬টি আসনে, জিতেছিল ৯টিতে, ভোট পেয়েছিল ২.৩৩ শতাংশ। সে বার গরিষ্ঠতা পেয়ে সপা ক্ষমতায় আসে, অখিলেশ যাদবের মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়।
পুরো মেয়াদ সরকার চালানোর পরেও ২০১৭-র নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে রাজি হন অখিলেশ। তার আগে কাকার সঙ্গে তিক্ত ক্ষমতার লড়াই চলেছিল তাঁর। 'ইউপি কো ইয়ে সাথ পসন্দ হ্যায়' স্লোগান তুলে এবং অখিলেশ ও রাহুল গান্ধীকে 'ইউপি কে লড়কে' হিসেবে তুলে ধরে একযোগে প্রচারে নামে সপা–কংগ্রেস জোট। সপা লড়ে ৩১১টি আসনে, কংগ্রেস ১১৪টিতে। কিন্তু জোট মিলিয়ে জিততে পারে মাত্র ৫৪টি আসন, সপা ৪৭টি ও কংগ্রেস সাতটি। কংগ্রেসের ভোটের হার নেমে দাঁড়ায় ৬.২৫ শতাংশে। বিজেপি তিনশোরও বেশি আসন জিতে ক্ষমতায় আসে।
এই পরাজয়ের পর ২০২২-এর নির্বাচনে সপা ও কংগ্রেস পথ আলাদা করে নেয়। কংগ্রেসের প্রচারের নেতৃত্বে ছিলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, স্লোগান ছিল 'লড়কি হুঁ, লড় সকতি হুঁ'। কংগ্রেস ৩৯৯টি আসনে প্রার্থী দিলেও জেতে মাত্র দু'টিতে। ভোটের হার ২.৩৩ শতাংশে নেমে যায়, যা দলের ইতিহাসে সর্বনিম্ন।
তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে দুই দলের সামনে একটি অনেক বেশি সফল ছক খুলে যায়। আসনরফা অনুযায়ী রাজ্যের ৮০টি লোকসভা আসনের মধ্যে সপা লড়ে ৬২টিতে, কংগ্রেস ১৭টিতে। সপা জেতে ৩৭টি, কংগ্রেস ছ'টি, দু'দলের মিলিত সংখ্যা দাঁড়ায় ৪৩। ২০১৯-এ রাজ্যে ৬২টি আসন জেতা বিজেপি নেমে আসে ৩৩-এ।
১৮১-র হিসেব
বিধানসভা নির্বাচনে নিজেদের তুলনামূলক খারাপ রেকর্ড সত্ত্বেও কেন ১৮১টি আসন চাইছে কংগ্রেস, তার ব্যাখ্যায় দলের এক শীর্ষ নেতা বলেন, ২০২৪-এর লোকসভা ফল রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। তাঁর কথায়, "বিধানসভা নির্বাচনের অতীত ফল একটা বিবেচ্য বিষয় ঠিকই। কিন্তু আমরা ২০২৪-এর লোকসভার ফলের দিকে তাকাচ্ছি। কংগ্রেস ছ'টি লোকসভা আসন জিতেছে, কিন্তু বাকি ১১টি আসনেও যথেষ্ট ভোট পেয়েছে। উত্তরপ্রদেশের প্রতিটি জেলায় দলের কর্মী রয়েছেন। রাজ্য জুড়ে উপস্থিতি ধরে রাখতে এবং কর্মীদের প্রচারে সক্রিয় রাখতে কংগ্রেস অন্তত প্রতিটি জেলায় একটি করে আসনে লড়তে চায়।"
ওই নেতা আরও বলেন, "কংগ্রেস যদি কোনও জেলা পুরোপুরি সপার হাতে ছেড়ে দেয় এবং কর্মীদের মিত্রের প্রার্থীর হয়ে প্রচার করতে বলে, তা হলে এক সময় তাঁদের মনে হতে পারে, সপাতে যোগ দেওয়াই ভাল। পাঁচ বছর কংগ্রেসের জন্য খেটে ভোটের সময় সপার হয়ে প্রচার করবেন, কেনই বা?"
২০১৭-র আসনরফার প্রসঙ্গও টেনেছেন ওই নেতা। এক কংগ্রেস নেতার প্রশ্ন, "পাঁচ বছর গরিষ্ঠতার সরকার চালানোর পরেও সপা যদি ২০১৭-য় আমাদের ১১৪টি আসন দিতে পারে, তা হলে ২০২৭-এ, যখন তারা দশ বছর ক্ষমতার বাইরে, তখন ১৮১টি দিতে পারবে না কেন?"
আর এক কংগ্রেস নেতা জানান, ১০০-র বেশি আসনে লড়ার সিদ্ধান্তে দল অনড়। তাঁর কথায়, "১০০-র নীচে কোনও আপসই হবে না। উত্তরপ্রদেশের রাজনৈতিক আবহ কংগ্রেস–সপা জোটের পক্ষে অনুকূল।"
২০২৪-এর লোকসভা নির্বাচনে ৪০টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, সেই কেন্দ্রগুলিতে এবং যেখানে তাদের প্রার্থীরা সামান্য ব্যবধানে দ্বিতীয় হয়েছিলেন, সেখানে লড়তে আগ্রহী তারা। এক নেতার উদাহরণ, "বাঁসগাঁও লোকসভা আসনটি আমরা বিজেপির কাছে হেরেছি মাত্র ৩,১৫০ ভোটে, অথচ ওই লোকসভার অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রে আমরা এগিয়ে ছিলাম।"
পাশাপাশি, বিজেপি গত দু'-তিনটি বিধানসভা নির্বাচনে যে প্রায় ৯০টি দুর্বল আসন জিতেছে, সেগুলির "সমতাপূর্ণ বণ্টন"-ও চাইছে কংগ্রেস।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।