মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের টানাপোড়েন যেন থামছেই না। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জি৭ সম্মেলনের একটি ছবি পোস্ট করে নতুন বিতর্কের জন্ম দিলেন ট্রাম্প। ছবিতে মেলোনিকে ট্রাম্পের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। আর তার ওপর বড় অক্ষরে লেখা—“Restraining order needed” (নিষেধাজ্ঞামূলক আদালতের নির্দেশ দরকার)।
পোস্টে ট্রাম্প কোথাও স্পষ্ট করে বলেননি, মন্তব্যটি কাকে উদ্দেশ্য করে করা। তবে সামাজিক মাধ্যমে অনেকেই মনে করছেন, এটি সরাসরি মেলোনিকে লক্ষ্য করেই করা কটাক্ষ। তাঁদের ব্যাখ্যা, ট্রাম্প বোঝাতে চেয়েছেন যে ইতালির প্রধানমন্ত্রী তাঁর প্রতি অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন।
এই বিতর্কের সূত্রপাত গত মাসের জি৭ সম্মেলন থেকেই। তখন ট্রাম্প দাবি করেছিলেন, জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যে মেলোনি নাকি তাঁর সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছিলেন। সেই দাবি প্রকাশ্যেই উড়িয়ে দেন মেলোনি। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, এমন কোনও অনুরোধ তিনি করেননি এবং পুরো অভিযোগই ভিত্তিহীন।
একসময় ইউরোপে ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগীদের অন্যতম হিসেবে দেখা হতো মেলোনিকে। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেই সমীকরণে স্পষ্ট ফাটল ধরেছে। ইরান ইস্যু, পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্য এবং একাধিক বৈদেশিক নীতিতে দুই নেতার প্রকাশ্য মতভেদ সম্পর্কের দূরত্ব আরও বাড়িয়েছে।
ট্রাম্পের সাম্প্রতিক পোস্ট নিয়ে এখনও পর্যন্ত মেলোনি ব্যক্তিগতভাবে কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও ইতালি ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক অটুট থাকবে। অন্যদিকে ইতালির বিরোধী শিবির ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে।
এই বিতর্কের সময়টিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ন্যাটো শীর্ষ সম্মেলনের ঠিক আগে দুই নেতার এই নতুন বাকযুদ্ধ আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন নজর, আসন্ন বৈঠকে এই ব্যক্তিগত টানাপোড়েন দুই দেশের কূটনৈতিক সমীকরণে কোনও প্রভাব ফেলে কি না।