নবদ্বীপকে হিন্দুদের একটি প্রধান তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তুলতে বড় আকারের পরিকাঠামো উদ্যোগের কথা রবিবার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাগীরথীর ওপর সেতু, নদীর ঘাট সংস্কার এবং আধুনিক ফেরি পরিষেবা চালুর মতো একাধিক প্রকল্পের কথা জানিয়েছেন তিনি।
নবদ্বীপ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান, মন্দিরনগরীতে বকেয়া প্রকল্প শেষ করতে এবং ধর্মীয় পরিকাঠামো গড়তে রাজ্য সরকার ৩ কোটি টাকা বরাদ্দ করবে।
একটি ধর্মীয় সমাবেশে তিনি বলেন, “নবদ্বীপে স্থায়ী সেতুর পাশাপাশি নদীতীরের অসমাপ্ত ঘাটটির নির্মাণও শেষ করে চালু করা হবে… একটি ঘাট তৈরি হয়েছিল, কিন্তু সেটি চালু নয়। আমি কথা দিচ্ছি, ওই ঘাট সম্পূর্ণ করে সুন্দরভাবে গড়ে তোলার ব্যবস্থা করব।”
অধিকারী জানান, সেতুর জন্য জমি অধিগ্রহণের খরচ বহন করবে রাজ্য সরকার; জেলা প্রশাসনকে তিনি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। সেতু নির্মাণের ব্যয় বহন করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
স্থায়ী সেতু তৈরি না হওয়া পর্যন্ত যাতায়াতের ভরসা থাকবে ঘাট থেকে ফেরি পরিষেবা। সেতু তৈরি হয়ে যাওয়ার পরেও ফেরি চালু থাকবে বলে জানান তিনি।
ঘাট ও ফেরি পরিষেবা চালু হতে আরও দু’মাস সময় লাগবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “কাজ শেষ হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমি আবার নবদ্বীপে আসব এবং ফেরি পরিষেবার উদ্বোধন করব।”
শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে নবদ্বীপে গড়ে ওঠা একটি গবেষণা কেন্দ্রের অসমাপ্ত কাজ শেষ করতে অর্থ বরাদ্দের কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ভক্তদের সহায়তায় কেন্দ্রটি তৈরি হচ্ছে, অর্থাভাবে কাজ অর্ধেক হয়ে পড়ে আছে। আমি এর জন্য ২ কোটি টাকা বরাদ্দ করেছি।”
মহাপ্রভুর জন্মস্থানের মন্দির ও আশ্রমে গোশালা সম্প্রসারণের জন্য ১ কোটি টাকা দেওয়া হবে বলেও তিনি জানান। সঙ্গে যোগ করেন, “আমি একটি গুরুকুল ও একটি সংস্কৃত টোল (ঐতিহ্যবাহী সংস্কৃত বিদ্যালয়) স্থাপনের পরিকল্পনা ঘোষণা করছি। অর্থের কোনও সমস্যা হবে না।”
অধিকারীর অভিযোগ, ৩৪ বছরের বাম শাসন কিংবা ১৫ বছরের পূর্বতন তৃণমূল সরকার, কেউই নবদ্বীপের ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব অনুযায়ী যথেষ্ট কাজ করেনি।
“আমি দুঃখের সঙ্গে বলছি, মহাপ্রভুর জন্মভিটায় নয়টি মদের দোকান বসতে দেওয়া ছাড়া আগের সরকার শহরটির জন্য প্রায় কিছুই করেনি। একটি দেশি মদের দোকান আর আটটি বিদেশি মদের দোকান,” বলেন তিনি।
“৩৪ বছরের বামফ্রন্ট বা রাজ্যটাকে লুটে খাওয়া ১৫ বছরের শাসক, কেউই নবদ্বীপকে তার প্রাপ্য উচ্চতায় পৌঁছে দেয়নি,” অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
পরিকাঠামো উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ ও ব্যাপকতর প্রচারের মাধ্যমে নবদ্বীপকে একটি স্বতন্ত্র পরিচিতি দিতে সরকার কাজ করবে বলে জানান অধিকারী।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তীর্থক্ষেত্র মায়াপুরের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপেরও বিশ্বজোড়া স্বীকৃতি প্রাপ্য।
নবদ্বীপ ও শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসবের সঙ্গে যুক্ত থাকতে পেরে রাজ্য সরকার খুশি, আগামী বছরগুলিতে উৎসব আয়োজনে সরকারের ভূমিকা আরও বাড়ানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিন রাস মেলা উপলক্ষে নবদ্বীপের বেশ কয়েকটি মন্দির ও পুজো মণ্ডপের উদ্বোধনও করেন তিনি।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।