অনলাইন গেম খেলতে গিয়ে পরিচয় হয়েছিল। সেই সূত্রে বন্ধুত্ব। উত্তর ২৪ পরগনায় জামাইবাবুর ফ্ল্যাটে ২৬ বছরের অঞ্জলি শ-কে খুনের অভিযোগে ধর্মবীর নামে এক তরুণকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, অঞ্জলির মূল্যবান জিনিসপত্র নিয়ে কলকাতা ছেড়ে পালিয়ে গিয়েছিল সে। মোবাইল টাওয়ারের অবস্থানের সূত্র ধরে তার সন্ধান পান তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে ফিরিয়ে আনা হচ্ছে।
ডানলপ এলাকার বাসিন্দা অঞ্জলি মাঝেমধ্যে বরাহনগরের লেকপল্লিতে পাঁচতলার ওই ফ্ল্যাটে থাকতেন। ফ্ল্যাটটি তাঁর জামাইবাবুর। অঞ্জলির দিদিকে নিয়ে প্রায় চার বছর সেখানে থাকার পর ব্যবসার কারণে হুগলির শ্রীরামপুরে চলে যান তিনি। মাঝেমধ্যে এসে ফ্ল্যাটটি দেখে যেতেন।
অঞ্জলির পরিবারের বক্তব্য, অনলাইন গেম পাবজি খেলেই অনেকটা সময় কাটাতেন তিনি। বাড়ির লোককে প্রায়ই বলতেন, অসুস্থতার কারণে বাইরে যেতে পারেন না বলেই গেম খেলেন। সেই গেমের সূত্রেই ভিন্রাজ্যের এক তরুণের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। তরুণের বাড়ি লখনউয়ের কাছে বলে মনে করা হচ্ছে। গেমে তার ব্যবহারকারীর নাম ছিল ‘নিক রাজপুত’।
অঞ্জলির বাবার বক্তব্য, ধর্মবীর নামে ওই তরুণ তাঁর মেয়েকে বোন বলে সম্বোধন করত। যদিও পুলিশের সন্দেহ, তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে। তদন্তকারীদের ধারণা, এর আগেও বরাহনগরের ওই ফ্ল্যাটে এসেছিল ধর্মবীর। ফলে এলাকাটি তার পরিচিত ছিল।
সোমবার রাতে অঞ্জলির জামাইবাবু বরাহনগরের ফ্ল্যাটে এসেছিলেন। শ্রীরামপুরে ফেরার আগে প্রতিবেশী লতিকা মান্নার কাছে চাবি রেখে যান। মঙ্গলবার দুপুরে লতিকার কাছ থেকে চাবি নিয়ে ফ্ল্যাটে যান অঞ্জলি। সেই সময় তাঁর সঙ্গে অন্য কাউকে উপরে উঠতে দেখেননি ওই প্রতিবেশী। তবে পরে সিসিটিভি ফুটেজে ধর্মবীরকে দেখতে পান তদন্তকারীরা।
পুলিশ সূত্রের দাবি, ফ্ল্যাটের ভিতরে অঞ্জলি ও ধর্মবীরের মধ্যে বচসা শুরু হয়। তা ক্রমে হিংসাত্মক আকার নেয়। অভিযোগ, অঞ্জলিকে খুন করে তাঁর মোবাইল ফোন ও গয়না নিয়ে পালিয়ে যায় ধর্মবীর। পাড়ার অলিগলি চেনা থাকায় কারও নজরে না পড়েই ঘটনাস্থল ছাড়তে পেরেছিল সে বলে তদন্তকারীদের ধারণা।
সেদিন পরে অঞ্জলির দিদি তাঁকে বারবার ফোন করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। ফ্ল্যাটের দরজায় বারবার ধাক্কা দিয়েও কোনও উত্তর না মেলায় পুলিশকে জানানো হয়। মঙ্গলবার রাতে পুলিশ দরজা ভেঙে অঞ্জলির রক্তাক্ত দেহ উদ্ধার করে। তাঁর এক আত্মীয়ের কথায়, ঘাড়ের ক্ষত-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের জন্য দেহ বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
প্রথমে পুলিশের সন্দেহ হয়েছিল, ঘটনাটি আত্মহত্যা হতে পারে। কিন্তু মোবাইল ফোন ও গয়না উধাও হয়ে যাওয়া এবং আঘাতের ধরন দেখে তদন্তের অভিমুখ খুনের দিকে ঘুরে যায়। শুধুমাত্র ভিডিও গেম নিয়ে বিবাদের জেরে কেউ আত্মহত্যা করবেন কি না, তা নিয়েও সংশয় ছিল তদন্তকারীদের।
অঞ্জলির পরিবারের সদস্যেরা ধর্মবীরের বিষয়ে তাঁদের সন্দেহের কথা পুলিশকে জানান। সেই সময়েই অল্পক্ষণের জন্য চালু হয় অঞ্জলির নিখোঁজ মোবাইলটি। তাঁর এক আত্মীয় ওই নম্বরে ‘হাই’ লিখে বার্তা পাঠান। জবাব আসে, ‘যা জানতে চাও বা খোঁজ নিতে চাও, জিজ্ঞেস করলে উত্তর পাবে।’
কিছুক্ষণ পর আরও একটি বার্তা আসে: ‘আমি তোমাদের মধ্যেই আছি, কিন্তু আমাকে ধরতে পারবে না।’ তার পরই আবার ফোনটি বন্ধ হয়ে যায়।
পুলিশ নিশ্চিত হয়, ধর্মবীর রাজ্য ছেড়ে পালিয়েছে। তদন্তকারীদের বিভ্রান্ত করতে সে বারবার জায়গা বদলাচ্ছিল এবং ফোনটি চালু ও বন্ধ করছিল বলে পুলিশের দাবি।
মোবাইল টাওয়ারের অবস্থান এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তার গতিবিধির হদিস পায় বরাহনগর থানার পুলিশ। বৃহস্পতিবার দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনের বাইরে থেকে ধর্মবীরকে খুনের অভিযোগে গ্রেফতার করে বরাহনগর পুলিশের একটি দল।
গ্রেফতারির কথা নিশ্চিত করে ব্যারাকপুরের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পরেই ঘটনার সঠিক উদ্দেশ্য এবং ঠিক কী ঘটেছিল, তা জানা যাবে।’
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।