আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে একটি হিন্দু উপাসনালয়ে নির্বিচারে গুলি চালানোর পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হলেন ১৯ বছরের এক তরুণ। ধৃতের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। শিকাগোর উপকণ্ঠে প্যালাটাইনের বাসিন্দা ওই তরুণের সম্ভাব্য লক্ষ্য ছিল অরোরা এলাকার কোনও হিন্দু উপাসনালয়। তবে ঠিক কোন মন্দির বা উপাসনালয়ে হামলার ছক কষা হয়েছিল, তা এখনও নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।

গত ১১ অক্টোবর, রবিবার গ্রেফতার করা হয় পাপোরাকিসকে। বুধবার, ১৪ অক্টোবর রোলিং মেডোজের কুক কাউন্টি আদালতে হাজির করানো হলে তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পরবর্তী শুনানি ৩০ অক্টোবর। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের দাবি, অভিযুক্তের পাঠানো একাধিক উদ্বেগজনক বৈদ্যুতিন বার্তা থেকেই এই পরিকল্পনার কথা সামনে আসে। তাঁর এক পরিচিত ব্যক্তি বিষয়টি মাউন্ট প্রসপেক্ট পুলিশকে জানান। সেখান থেকে খবর যায় প্যালাটাইন পুলিশের কাছে। বার্তাগুলির মধ্যে ছিল নির্বিচারে গুলি চালানোর কথিত পরিকল্পনা সংবলিত একটি নথি। পাশাপাশি পাঠানো হয়েছিল রাইফেল, গুলির ম্যাগাজিন, বর্মযুক্ত পোশাক এবং অন্যান্য সামরিক সরঞ্জামের ছবি।

আদালতের নথির ভিত্তিতে স্থানীয় সংবাদমাধ্যম এবিসি সেভেন জানিয়েছে, অভিযুক্ত একটি খাবারের দোকানে কাজ করতেন। তাঁর এক সহকর্মীর কাছে পাঠানো বার্তা ও ছবিই তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। সরকারি কৌঁসুলিদের অভিযোগ, কর্মক্ষেত্রে পাপোরাকিস শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শের কথা বলতেন। ভারতীয় বংশোদ্ভূত মানুষদের প্রতিও তাঁর প্রবল বিদ্বেষ ছিল।

তদন্তকারীদের দাবি, অভিযুক্তের লেখা আট পাতার একটি নথিতে বর্ণবিদ্বেষী বক্তব্যের পাশাপাশি সংখ্যালঘুদের হত্যার অভিপ্রায় প্রকাশ পেয়েছে। বিশেষ করে দক্ষিণ এশীয়, মূলত ভারতীয় বংশোদ্ভূত মানুষদের বিরুদ্ধে হিংসার কথা লেখা ছিল সেখানে। ওই নথি ও বার্তাগুলি খতিয়ে দেখে হামলার প্রস্তুতি কতটা এগিয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

মামলায় আরও একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। কৌঁসুলিদের দাবি, পাপোরাকিস একবার এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু অস্ত্র আটকে যাওয়ায় গুলি চালানো সম্ভব হয়নি। তবে এই ঘটনার বিস্তারিত বিবরণ এবং এর সঙ্গে সম্ভাব্য মন্দির হামলার পরিকল্পনার যোগসূত্র এখনও যাচাই করা হচ্ছে। ফলে কোনও হিন্দু উপাসনালয়ে হামলা ইতিমধ্যেই ঘটেছিল, এমন দাবি করেনি পুলিশ।

আদালতে পেশ করা তথ্য অনুযায়ী, প্রায় দু’বছর ধরে এই হামলার পরিকল্পনা চলছিল বলে অভিযোগ। সহকর্মীকে পাঠানো একটি ভিডিয়োয় রাইফেল এবং অন্য একটি ছবিতে বর্মযুক্ত পোশাকে অভিযুক্তকে দেখা যায়। সেই সব বার্তা ও ছবি দেখেই বিপদের আশঙ্কা করেন তাঁর সহকর্মী। দেরি না করে তিনি যোগাযোগ করেন পুলিশের সঙ্গে।

প্যালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট পুলিশের যৌথ তৎপরতায় রবিবার সন্ধ্যায় নিজের বাড়ি থেকে বেরোনোর সময় আটক করা হয় পাপোরাকিসকে। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, গুলিভর্তি একাধিক ম্যাগাজিন, কয়েকশো রাউন্ড অতিরিক্ত গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল বর্মযুক্ত পোশাক এবং শ্বেতাঙ্গ উগ্রবাদের সঙ্গে সম্পর্কিত প্রতীকও।

সম্ভাব্য হামলার আশঙ্কায় অরোরা পুলিশকেও সতর্ক করা হয়। ওই এলাকার হিন্দু উপাসনালয়গুলির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁদের বিপদের বিষয়ে জানানো হয়েছে। প্যালাটাইনের পুলিশপ্রধান উইলিয়াম নর্ডের বক্তব্য, দুই পুলিশ বিভাগের দ্রুত তথ্য আদানপ্রদান ও সমন্বয়ের ফলেই অভিযুক্তকে শনাক্ত করে হেফাজতে নেওয়া সম্ভব হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তাই তাঁদের কাছে অগ্রাধিকার, জানিয়েছেন তিনি।

তদন্তে স্থানীয় পুলিশের সঙ্গে হাত মিলিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। আরও অভিযোগ আনার মতো প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার সঙ্গে যুক্ত বর্তমানে সক্রিয় কোনও জননিরাপত্তার হুমকি চিহ্নিত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তদন্ত এখনও চলছে। ফলে সম্ভাব্য হামলার নির্দিষ্ট লক্ষ্য এবং প্রস্তুতির পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়।

পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। সম্ভাব্য হুমকি সম্পর্কে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনও তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে সম্প্রদায়ের সদস্যদের আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের বক্তব্য, প্রত্যেক মানুষের ভয় ছাড়া নিজের ধর্ম পালন ও উপাসনা করার অধিকার রয়েছে।