স্ত্রী রুমা সাহার সঙ্গে কয়েকজনের দুর্ব্যবহার থামাতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মী অরূপ সাহার ক্ষেত্রে। তার কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর। রুমা বিজেপির পানিহাটি-১ মণ্ডলের সম্পাদিকা।

রুমার বক্তব্য, অভিযুক্তেরা বিজেপিরই লোক। অন্য দিকে, পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ অভিযোগ করেন, সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকজন এলাকায় “অশান্তি” সৃষ্টি করছেন। ভারতীয় জনতা যুব মোর্চার পানিহাটি-১ মণ্ডলের সভাপতি রাজদীপ দাস এবং আরও এক স্থানীয় নেতার নাম করেন তিনি। রুমার দায়ের করা এফআইআরে যে চার জনের নাম রয়েছে, তাঁদের মধ্যে দাসও আছেন।

এর কয়েক ঘণ্টা আগে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছিলেন, “তোলাবাজি যেন এখন রাজ্যে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ না হলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফেরানো যাবে না।” বিজেপিতে নতুন আসা লোকজনের ভূমিকা নিয়ে এর আগেও সমালোচনা করেছেন স্বপন।

সপ্তাহান্তে দু’টি পৃথক অনুষ্ঠানে দলীয় কর্মীদের উদ্দেশে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “সংযত থাকুন। বিনয়ী হন। বারবার থানায় যাবেন না, মানুষের কাছে যান… আইনশৃঙ্খলাহীনতা বরদাস্ত করা যায় না।”

অরূপকে মারধরের অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টা পরেও, সোমবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এর মধ্যেই রত্না দেবনাথ এক বিবৃতিতে জানান, তাঁর কিছু মন্তব্য প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে তুলে ধরা হয়েছে এবং তিনি দলের প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ। বিজেপির জেলা সভাপতি চণ্ডীচরণ রায় মন্তব্য করতে অস্বীকার করেন। অন্য দিকে, প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ইঙ্গিত দেন, অরূপের মৃত্যু স্বাভাবিক কারণেও হয়ে থাকতে পারে। তাঁর বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত।

রুমা জানান, শনিবার সন্ধ্যায় তিনি দলীয় কার্যালয়ে স্থানীয় বিধায়ক রত্না দেবনাথের সঙ্গে দেখা করেছিলেন। পরে কিছু ফল কিনতে বাজারে যান। সেখানে দুই দোকানদারের মধ্যে উত্তপ্ত বচসা শুনে তিনি তা থামানোর চেষ্টা করেন। বাড়ি ফিরে যাওয়ার পর রাত সাড়ে ৯টা থেকে ১০টা নাগাদ খবর পান, ওই দু’জন ফের ঝগড়ায় জড়িয়ে পড়েছেন।

রুমার কথায়, “আমি আবার যাই। অত রাতে আমাকে একা ছাড়তে চাননি বলে আমার স্বামীও সঙ্গে যান। বাজারে গিয়ে দেখি, প্রায় ৩৫–৪০ জন যুবকের ভিড়। তাঁদের অনেকেই এই ওয়ার্ডের বাসিন্দা নন। আমি বিষয়টি মিটমাট করার চেষ্টা করি। কিন্তু আমাকে গালিগালাজ করা হয়, মারারও চেষ্টা হয়। আমাকে বাঁচাতে আমার স্বামী এগিয়ে আসেন। সেটাই তাঁর ভুল হয়ে গেল। ওঁর মুখে, বুকে ঘুষি মারা হয়, ধাক্কা দেওয়া হয়। বুঝতে পারি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং আমার স্বামী আঘাত পেয়েছেন। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। কিছু ক্ষণের মধ্যেই ওঁর অস্বস্তি শুরু হয়, রক্তবমি করেন। আমরা ওঁকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়।”

রুমা আরও বলেন, পানিহাটিতে “অশান্তি” চলছে। তাঁর অভিযোগ, “বিজেপির কিছু নেতার” সাহায্যে তৃণমূলের প্রাক্তন নেতারা দলে ঢুকেছেন বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। অরূপের উপর হামলাকারী ভিড়ে বিজেপি কর্মীদের পাশাপাশি তৃণমূলের নেতারাও ছিলেন বলে দাবি করেন তিনি। তৃণমূলের ওই “বহিরাগতেরা” সেখানে কেন উপস্থিত ছিলেন, সেই প্রশ্নও তোলেন।

রুমা বলেন, “আমি ১২ বছর ধরে বিজেপি করছি। দলের প্রত্যেক কর্মীকে চিনি… যেদিন তৃণমূলের এই গুন্ডাদের বিজেপিতে ঢোকা বন্ধ হবে, সেদিনই পানিহাটিতে শান্তি ফিরবে। একমাত্র দলের শীর্ষ নেতারাই এটা নিশ্চিত করতে পারেন।”

অরূপ অসুস্থ ছিলেন এবং সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে—এই দাবি অস্বীকার করেছেন রুমা।

পরিবারের তিনতলা বাড়িতে অরূপের ঠিক উপরের তলায় থাকতেন তাঁর দাদা অধীর। তিনি জানান, দুই মেয়েকে নিয়ে অরূপের অনেক বড় স্বপ্ন ছিল। অধীর বলেন, “এখন ওদের দেখাশোনা কে করবে? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, পরিবারটিকে সাহায্য করুন।”

স্থানীয় বাসিন্দারা জানান, দু’দশকেরও বেশি সময় ধরে ওই এলাকায় রয়েছে সাহা পরিবার। সকলের সঙ্গে তাঁদের সুসম্পর্ক ছিল। বিপদে-আপদে তাঁরা মানুষের পাশে দাঁড়াতেন।

প্রতিবেশী শমীক দাস বলেন, “শুনেছি, দুই দোকানদারের মধ্যে ঝগড়া হয়েছিল। রুমা মধ্যস্থতা করে বলেছিলেন, এই ধরনের সমস্যা নিজেদের মধ্যে শান্তিপূর্ণ ভাবে মিটিয়ে নেওয়া উচিত। এই ছোট্ট ঘটনা থেকেই বিষয়টি এত দূর গড়াল।”

স্থানীয় স্তরে বিজেপির ভিতরে যে “পরিবর্তন” এসেছে, তা নিয়ে শমীক বলেন, “এটা সত্যি যে, পানিহাটি বিজেপিতে এখন তৃণমূলের লোকই বেশি।”

নাম প্রকাশে অনিচ্ছুক আর এক প্রতিবেশী বলেন, “রাজ্যে বিজেপির কঠিন সময়েও রুমা দলের সঙ্গে ছিলেন। কিন্তু এখন ক্ষমতায় এসে বিজেপির কিছু নেতা শুধু টাকা কামাতে চান। তাঁরা রুমাকে সরিয়ে দিতে চান। শনিবার ওঁদের নিশানা ছিলেন রুমাই।”

স্থানীয় বিজেপি কর্মী সাথী ভট্টাচার্য বলেন, “যে বিজেপি কর্মীদের নাম উঠে এসেছে, তাঁদের সঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের আঁতাঁত রয়েছে। আমরা বিচার চাই।”

সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। তাঁর কথায়, “শুনেছি, একটা ঝগড়া হয়েছিল, যার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। আর উনি (অরূপ সাহা) বাড়িতে মারা গিয়েছেন… তদন্ত হোক, দোষীরা গ্রেফতার হবে… কিন্তু এটা কোনও রাজনৈতিক ঘটনা নয়। গুলি চলেছে? না। ছুরি ব্যবহার করা হয়েছে, বা লাঠি দিয়ে পেটানো হয়েছে? না… আগে মৃত্যুর কারণ জানা যাক, তার পরে এ নিয়ে মন্তব্য করা যাবে।”