পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) অ্যাপেলেট ট্রাইব্যুনালের অবসরপ্রাপ্ত বিচারপতিরা কয়েক মাস আগে সাম্মানিকের প্রশ্ন তুলেছিলেন। শুক্রবার নির্বাচন কমিশন তাঁদের সাম্মানিক সপ্তাহে ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে মাসে আড়াই লক্ষ টাকা করল।

এ দিন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে কমিশন। তাতে লেখা হয়েছে, "সাম্মানিক এবং অন্যান্য প্রাপ্য খরচ অবিলম্বে মিটিয়ে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।"

কমিশনের নির্দেশ অনুযায়ী, হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিরা মাসে ২ লক্ষ ৬০ হাজার টাকা পাবেন। অবসরপ্রাপ্ত বিচারপতিরা পাবেন মাসে ২ লক্ষ ৫০ হাজার টাকা। নতুন হার কার্যকর হবে ২০ নভেম্বর থেকে।

সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতিদের প্রথম নিয়োগ হয় গত ৭ এপ্রিল। সে দিনের নির্দেশে কমিশন জানিয়েছিল, প্রথম দু'সপ্তাহের জন্য প্রাক্তন প্রধান বিচারপতিরা পাবেন ১ লক্ষ ৬০ হাজার টাকা, তার পরে প্রতি সপ্তাহে ২৫ হাজার টাকা করে। প্রাক্তন বিচারপতিদের ক্ষেত্রে প্রথম দু'সপ্তাহের অঙ্ক ছিল ১ লক্ষ ৫০ হাজার টাকা, তার পরে সপ্তাহে ২৫ হাজার টাকা।

গত ২০ নভেম্বর কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন। তাতে জানানো হয়, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হাই কোর্টের অভ্যন্তরীণ কমিটি সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তার পরেই পদক্ষেপ করল কমিশন। ১১ অগস্টের একটি বৈঠকের কার্যবিবরণী বলছে, সেই বৈঠকেই বিচারপতিরা সাম্মানিকের বিষয়টি তোলেন।

এসআইআর-বিরোধী মামলার শুনানিতে গত ২০ মার্চ এই অ্যাপেলেট ট্রাইব্যুনালগুলি গড়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ভোটারদের যোগ্যতা যাচাই করছিলেন বিচারবিভাগীয় আধিকারিকেরা, যাঁরা নিজেরাও শীর্ষ আদালতের নির্দেশে নিযুক্ত। তাঁদের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনের শুনানি করার জন্যই ট্রাইব্যুনালগুলি তৈরি হয়।

বিচারবিভাগীয় আধিকারিকেরা মোট ২৭ লক্ষ ১৬ হাজার ভোটারের নাম বাদ দিয়েছেন। আদালতে জমা দেওয়া কমিশনের তথ্য বলছে, বাদ পড়াদের মধ্যে ২২ লক্ষ ২১ হাজার জন ১৯টি অ্যাপেলেট ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এপ্রিল থেকে এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে মাত্র ১ লক্ষ ২৫ হাজারের কিছু বেশি আবেদনের।