দক্ষিণ ২৪ পরগনার ফলতার একদা প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়িতে বুলডোজার চালানোর ঘটনায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। বেআইনি নির্মাণের অভিযোগে গত বুধবার থেকে জেলা প্রশাসন ওই বাড়ি ভাঙার কাজ শুরু করেছিল এবং দু’দিন ধরে তা চলার পর শুক্রবার এই নির্দেশ দেয় আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত প্রশাসন বাড়ি ভাঙার কোনো কাজ চালাতে পারবে না।
নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে জাহাঙ্গির খানের পরিবারের করা মামলার শুনানিতে বিচারপতির কড়া বার্তার মুখে পড়ে রাজ্য প্রশাসন। জাহাঙ্গির খান ও তাঁর স্ত্রী বর্তমানে তোলাবাজি ও ভয় দেখানোর একাধিক অভিযোগে জেলবন্দি রয়েছেন। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতা ফলতা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দাঁড়ালেও ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করে দেয় এবং পরে তিনি প্রার্থীপদ প্রত্যাহার করে নেন।
এদিন শুনানির সময় বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে যে, মামলাকারী জাহাঙ্গির যখন জেলবন্দি, তখন ঠিক কী প্রক্রিয়ায় তাঁর বাড়িটি চিহ্নিত করা হলো এবং তাঁকে বা তাঁর পরিবারকে যথাযথ নোটিস দেওয়া হয়েছিল কি না। রাজ্যের উদ্দেশে বিচারপতি শুভ্রা ঘোষ মন্তব্য করেন, “কী ভাবে জানলেন বাড়িটি জাহাঙ্গিরের? উনি তো জেলে আছেন। নোটিস কোথায়?” হাই কোর্টের এই স্থগিতাদেশের ফলে আপাতত স্বস্তিতে রয়েছে জাহাঙ্গির খানের পরিবার, তবে আগামী সোমবারের শুনানিতে রাজ্যের পক্ষ থেকে কী যুক্তি দেওয়া হয়, সেদিকেই সকলের নজর রয়েছে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।