গত মাসে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন সংবাদমাধ্যমের কর্মীদের উপরে পুলিশি বাড়াবাড়ির অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি হল বৃহস্পতিবার। সেখানে সুপ্রিম কোর্ট জানাল, ‘স্বঘোষিত সাংবাদিকেরা’ স্বীকৃত সাংবাদিকদের মতো একই সুরক্ষা না-ও পেতে পারেন।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের অন্যতম বিচারপতি জয়মাল্য বাগচী এই মন্তব্য করেন। শুনানিতে বেঞ্চ শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি সুভাষ রেড্ডির নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে কয়েক জন সাংবাদিকের অভিযোগ খতিয়ে দেখতে বলে। ওই সাংবাদিকদের অভিযোগ, পুলিশ তাঁদের গালিগালাজ করেছে এবং অন্যায় ভাবে আটক করেছে।
বিচারপতি বাগচী বলেন, “এই মর্যাদা কেউ নিজে নিজে পান না। আপনি যদি কোনও সংবাদপত্র বা মুদ্রিত মাধ্যমের সাংবাদিক হন, তা হলে আপনি স্বীকৃত সাংবাদিক। সেই সংবাদপত্রের টিভি চ্যানেলে থাকলে সেই অনুযায়ী আপনার স্বীকৃতি থাকবে। আপনি অনলাইন সাংবাদিকও হতে পারেন, তাঁদেরও নথিভুক্তি থাকতে পারে। এ সব বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমরা এখন এমন এক জগতে আছি, যেখানে বিচ্ছিন্ন ভাবে অনেকেই নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। স্বঘোষিত সাংবাদিকেরা স্বীকৃত সাংবাদিকদের মতো একই সুরক্ষা না-ও পেতে পারেন।”
বেঞ্চ জানিয়েছে, সাংবাদিকদের অধিকারের প্রশ্নটিও তারা বিচার করবে। অর্থাৎ বিক্ষোভের খবর করার সময়ে সাংবাদিকেরা কোনও বিশেষ বা আলাদা সুরক্ষা পান কি না, তা দেখা হবে।
মামলাটি করেছে কেরল ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস (কেইউডব্লিউজে)। তাদের আবেদনে অক্টোবরের ওই বিক্ষোভের সময়ে দিল্লি পুলিশের হাতে সাত জন সাংবাদিকের হেনস্থার কথা বলা হয়েছে।
অভিযোগের জবাবে দিল্লি পুলিশ আদালতে পাল্টা হলফনামা জমা দিয়েছে। তাতে সাংবাদিক আর রিল-নির্মাতাদের মধ্যে ফারাক টানার চেষ্টা করা হয়েছে। পুলিশের বক্তব্য, সাংবাদিকেরা “একটি স্বতন্ত্র শ্রেণি”। যাঁরা ক্যামেরা আর মাইক্রোফোন নিয়ে ঘোরেন, কিন্তু মুদ্রিত, বৈদ্যুতিন বা ডিজিটাল মাধ্যমে খবর করার জন্য নয়, বরং অন্য উদ্দেশ্যে, যেমন বানানো কনটেন্ট থেকে বাণিজ্যিক লাভের জন্য, তাঁরা এই শ্রেণির মধ্যে পড়েন না। পুলিশ আরও জানিয়েছে, ক্রমশ বদলাতে থাকা ডিজিটাল মাধ্যমের এই যুগে সৃজনশীল হোক বা না হোক, কেউ রিল বানিয়ে আপলোড করলে এবং তা থেকে আয় করলে আপত্তির কিছু নেই। তবে, পুলিশের কথায়, “এই রিল-নির্মাতাদের সাংবাদিক বা প্রতিবেদকের মর্যাদা দেওয়া যায় কি না, সেই প্রশ্নের মীমাংসা এখনও হয়নি।”
কেইউডব্লিউজে-র পক্ষে প্রবীণ আইনজীবী পিভি দীনেশ বলেন, সাংবাদিকেরা আলাদা আলাদা ভাবে যে অভিযোগ করেছেন, পুলিশের হলফনামায় তার জবাব নেই। তিনি নতুন করে জবাব চান। সলিসিটর জেনারেল তুষার মেহতা এই দাবি খারিজ করে বলেন, হলফনামায় সব অভিযোগেরই জবাব দেওয়া হয়েছে।
বিচারপতি বাগচী বলেন, আবেদনে তথ্যগত বেশ কিছু প্রশ্ন উঠেছে। কোনও পদক্ষেপ করার আগে সেগুলির নিষ্পত্তি করতে হবে।
সাংবাদিকেরা সাংবিধানিক রক্ষাকবচ কতটা পান, সে প্রসঙ্গে আদালত জানিয়েছে, আগে ঠিক করতে হবে সাংবাদিক কে। তিনি কি প্রেস কাউন্সিলে নথিভুক্ত পেশাদার, কোনও নথিভুক্ত সংবাদপত্র বা টিভি চ্যানেলের কর্মী, নাকি এমন কেউ যিনি সমাজমাধ্যমে রিল বানিয়ে নাগরিকদের মুখপাত্র হতে চান?
বিচারপতি বাগচীর কথায়, “আমরা প্রথমে নীতিগত প্রশ্নগুলির মীমাংসা করব। কোনও জমায়েত বা বিক্ষোভের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে একজন সাংবাদিকের কি কোনও বিশেষ অধিকার আছে? নাকি সেই সংস্থার কাজ কেবল আইনশৃঙ্খলা রক্ষা করা, যেখানে সাংবাদিকের জন্য বাড়তি কোনও অধিকারের জায়গা নেই?”
তিনি আরও বলেন, “আমরা প্রশ্নটা এ ভাবে সাজাতে চাই। এ নিয়ে সিদ্ধান্ত নিতে হলে মূলত অধিকারগুলির মধ্যে ভারসাম্য রাখতে হবে। একটা প্রশ্ন উঠতে পারে, বিক্ষোভ চলার সময়ে সাংবাদিকেরা কি অন্যদের চেয়ে বেশি বা আলাদা ধরনের আচরণ পাওয়ার যোগ্য? অবশ্যই নিজেদের পেশার কাজ চালিয়ে যাওয়ার অধিকার তাঁদের আছে।”
এর আগের একটি শুনানিতেও বিচারপতি বাগচী মন্তব্য করেছিলেন, সুরক্ষা যিনি চাইছেন তিনি স্বীকৃত সাংবাদিক, স্বাধীন ফ্রিল্যান্স সাংবাদিক নাকি ইনফ্লুয়েন্সার, সেই অনুযায়ী সুরক্ষার “বিভিন্ন স্তর” থাকবে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।