উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনের জন্য সোমবার আট জন প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আগামী ১৬ অক্টোবর এই নির্বাচন হবে। বর্তমান সাংসদদের কাউকেই ফের মনোনয়ন দেওয়া হয়নি। পুনরায় প্রার্থী হওয়ার সুযোগ পাননি দুই কেন্দ্রীয় মন্ত্রী হারদীপ পুরী ও বি এল বর্মাও।

প্রার্থী তালিকায় রয়েছেন দুই মহিলা—প্রাক্তন সাংসদ প্রিয়াঙ্কা সিং রাওয়াত এবং শ্রুতি গঙ্গোয়ার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার পশুপালনমন্ত্রী তথা অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) নেতা ধর্মপাল সিংকেও প্রার্থী করা হয়েছে।

বিজেপির আট প্রার্থী হলেন ধর্মপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকর, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি গঙ্গোয়ার। রাধাকান্ত ওঝা প্রয়াগরাজের বার কাউন্সিলের প্রধান।

উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার মোট ১০টি আসন খালি হচ্ছে। এর মধ্যে আটটি আসনে বিজেপি অনায়াসে জয় পাবে বলে মনে করা হচ্ছে।

সামাজিক প্রতিনিধিত্বের দিক থেকে তালিকায় ধর্মপাল সিং ছাড়াও আরও দুই ওবিসি মুখ রয়েছেন—প্রকাশ পাল ও শ্রুতি গঙ্গোয়ার। বিদ্যাসাগর সোনকর এবং প্রিয়াঙ্কা রাওয়াত তফসিলি জাতিভুক্ত। গোপীকৃষ্ণ পাণ্ডে ও রাধাকান্ত ওঝা ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিনিধি। ঠাকুর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন রামপ্রতাপ সিং চৌহান।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মনোনীত প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তাঁদের ‘ঐতিহাসিক জয়ের জন্য শুভকামনা’ও জানিয়েছেন তিনি।