“প্রতি বার খেতে বসার সময় বাবা থাকতেন, আর বাবার কোলে থাকতেন মা। আমার মনে হত, এটাই স্বাভাবিক। তার পরে বন্ধুর বাড়িতে গিয়ে দেখতাম, ওর মা-বাবা তো একে অপরের কোলে বসে নেই। বন্ধুদের জিজ্ঞাসা করতাম, ব্যাপারটা কী? তোমার মা তোমার বাবার কোলে বসে নেই কেন?… এ সব দেখেই আমরা বড় হয়েছি।” রাহুল গান্ধীর মুখে এই স্মৃতিচারণা শুনে হাসিতে ফেটে পড়লেন উপস্থিত অতিথিরা।

সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘বিলংগিং’-এর প্রকাশ অনুষ্ঠান হয়ে উঠেছিল বিশিষ্টজনের সমাবেশ। উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা এবং বিরোধী-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর পাশাপাশি এসেছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও তাঁর স্ত্রী ডিম্পল যাদব, এনসিপি (এসপি)-র সুপ্রিয়া সুলে, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা এবং তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমরিন্দর সিংহও।

ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, মণিশঙ্কর আইয়ার, সচিন পাইলট এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের স্ত্রী গুরশরণ কৌর। সোনিয়ার দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও ছিলেন। প্রিয়াঙ্কার সঙ্গে এসেছিলেন স্বামী রবার্ট বঢরা এবং দুই সন্তান রাইহান ও মিরায়া।

রাহুলের বক্তৃতার আগে হার্পারকলিন্সের প্রকাশক পৌলোমী চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় সোনিয়া জানান, রাহুল ও প্রিয়াঙ্কার অনুরোধেই শেষ পর্যন্ত নিজের ঘটনাবহুল, উথালপাথাল জীবনের কথা লিখতে রাজি হয়েছিলেন তিনি। ৭৯ বছরের সোনিয়ার কথায়, “বহু বছর ধরে অনেকেই আমাকে বলেছেন, তোমার নিজের গল্পটা লেখা উচিত। কিন্তু নিজের অন্তরের অনুভূতি প্রকাশ করতে আমি বরাবরই খুব সংকোচ বোধ করেছি। নানা বিষয়, মানুষ আর জায়গা সম্পর্কে আমি কী ভাবি, তা-ও প্রকাশ করতে চাইনি।”

‘বিলংগিং’-এ ধরা রয়েছে তাঁর জীবনের দীর্ঘ যাত্রাপথ—ইতালিতে শৈশব, রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় ও বিয়ে, ভারতে নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং স্বামীর হত্যাকাণ্ডের পরে রাজনীতিতে প্রবেশ। যিনি পরবর্তী কালে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক নেতা হয়ে উঠেছিলেন, এই বই তাঁর একান্ত ব্যক্তিগত জগতের দরজা খুলে দেয়।

কর্নাটকের মুখ্যমন্ত্রী শিবকুমার বলেন, “সোনিয়া গান্ধীর স্মৃতিকথা তাঁর জীবনের এক সাহসী, অকপট বিবরণ, যা তিনি হৃদয় দিয়ে লিখেছেন। রাষ্ট্রপতি আবদুল কালাম তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার আমন্ত্রণ জানালে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। নারী বা পুরুষ—বিশ্বের কোনও নেতাই যা করতেন না, তিনি তা করেছিলেন। এটা কোনও ছোট বিষয় নয়। সত্যিটা হল, সীতারাম কেশরীর নেতৃত্বে কংগ্রেস চলতে থাকলে দলটা ভেঙে পড়ত। কোনও গান্ধী নেতৃত্ব দিলেই কংগ্রেস সমৃদ্ধ হতে পারে, এগিয়ে যেতে পারে।”

তবে ২৬ বছরের নাতি রাইহান বঢরার আগ্রহ কেবল দিদিমার রাজনৈতিক জীবনকে ঘিরে নয়। তিনি বলেন, “লেখার সময়েই আমি পাণ্ডুলিপি পড়েছিলাম। কিন্তু আমার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে ইতালিতে তাঁর শৈশবের গল্পগুলি। ওই সব গল্পের অনেকটাই আমার জানা ছিল না। তাই সেগুলি পড়ে তাঁর জীবনের এক অজানা দিক জানতে পেরেছি।”

প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারের কাছে ‘বিলংগিং’ অবশ্যপাঠ্য হয়ে উঠেছে সেই গভীর ভালবাসার কাহিনির জন্য, যার টানে সোনিয়া ভারতে এসেছিলেন, এবং তাঁর অসাধারণ আত্মত্যাগের বিবরণের জন্য। তিনি বলেন, “বইটা সবে পড়তে শুরু করেছি। কিন্তু ওঁদের প্রেমের গল্প আমাকে গভীর ভাবে ছুঁয়ে গিয়েছে। রাহুল যেমন বললেন, ওঁরা দু’জন—সোনিয়া ও রাজীব—সত্যিই ছিলেন একে অপরের।”

১০ নভেম্বর প্রকাশিত হওয়ার পর থেকে ইতিমধ্যেই ‘বিলংগিং’-এর দু’লক্ষ কপি বিক্রি হয়েছে। জাগারনটের প্রকাশক চিকি সরকার বলেন, “এটি সত্যিই খুব ভাল একটি বই। ইন্দিরা-পর্বের বর্ণনা এবং সোনিয়া গান্ধী যে অসাধারণ খুঁটিনাটি স্মৃতিকথায় তুলে এনেছেন, তা বইটিকে সাহিত্যপাঠের এক আনন্দময় অভিজ্ঞতা করে তুলেছে। আমার মনে হয়, আনন্দ ভবনে তাঁর যাওয়ার বিবরণ এই স্মৃতিকথার অন্যতম সেরা অংশ।”

বইয়ে এবং প্রকাশ অনুষ্ঠানেও সোনিয়া রাজনীতিকে পটভূমিতেই রাখতে চেয়েছেন। বরং বলেছেন, এ দেশকে নিজের ঘর বলে অনুভব করার কথা। তিনি যেমন ভারতকে আপন করে নিয়েছেন, ভারতও তেমনই তাঁকে নিজের করে নিয়েছে।

সোনিয়ার কথায়, “আপনি যখন বহিরাগত, তখন মনে হয়, আপনি অন্যদের মতো নন, সব সময় কেউ আপনাকে দেখছে… প্রথম বার আমার স্বামীর নির্বাচনী কেন্দ্রে গিয়ে মনে হয়েছিল, আমি সত্যিই এখানকারই একজন। শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ অনেক বেশি খোলামেলা, সোজাসাপটা। আমার উচ্চারণ অদ্ভুত কি না, আমি ঠিকমতো শাড়ি পরেছি কি না, সে সব নিয়ে তাঁদের মাথাব্যথা ছিল না। আমি তাঁদের সঙ্গে কথা বলতে এসেছি, তাঁদের জীবন সম্পর্কে জানতে চাইছি, তাঁদের সমস্যার কথা শুনতে চাইছি—সেটাই ছিল তাঁদের কাছে আসল।”

তিনি আরও বলেন, “এমনকি তাঁরা আমাকে বকতেনও। চুপ করতে বলতেন—‘আপনি চুপ করুন। আপনি এখানে থাকেন না, আপনি কিছু জানেন না। আমরা ঠিক করব।’ সেটাও ছিল আমাকে আপন করে নেওয়ারই প্রকাশ।”

এই বইয়ের কি দ্বিতীয় পর্ব আসবে? প্রিয়াঙ্কার উত্তর, “আমি খুশি যে মা শেষ পর্যন্ত নিজের কথা নিজের ভাষায় বলতে পেরেছেন। দ্বিতীয় পর্বের কথা আপনাদের আমার মাকেই জিজ্ঞাসা করতে হবে।”