বাংলাস্ফিয়ার: বিমানবন্দরের পরিকাঠামোয় হামলার জেরে উড়ান পরিষেবা ব্যাহত হওয়ায় সৌদি আরবে আটকে পড়েছেন বহু ভারতীয় হজ ও ওমরাহযাত্রী। তাঁদের দ্রুত দেশে ফেরাতে ট্যুর অপারেটর ও বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিদেশ মন্ত্রক। মক্কা ও মদিনায় কয়েক হাজার ভারতীয় আটকে রয়েছেন বলে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসি সরব হওয়ার পর মন্ত্রকের এই বক্তব্য সামনে আসে।

এক্সে একটি পোস্টে ওয়েইসি বলেন, “ভারতের চার হাজার তীর্থযাত্রী মক্কা ও মদিনায় আটকে রয়েছেন। তাঁরা ইন্ডিগো, আকাসা এয়ার এবং এয়ার ইন্ডিয়ার বিমানে সেখানে গিয়েছিলেন। কিন্তু এই বিমান সংস্থাগুলি উড়ান বাতিল করায় এখন তাঁরা আটকে পড়েছেন।” যাত্রীদের দেশে ফেরাতে বিমান সংস্থাগুলিকে বড় বিমান চালানোর অনুমতি দিতে অসামরিক বিমান পরিবহণের নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র কাছে আবেদন জানান তিনি। বিকল্প হিসেবে তাঁদের ফেরানোর জন্য বিশেষ উড়ানের ব্যবস্থা করারও দাবি জানান।

এর কয়েক ঘণ্টা পরে বিদেশ মন্ত্রক জানায়, ক্ষতিগ্রস্ত তীর্থযাত্রীদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করতে রিয়াধে ভারতীয় দূতাবাস এবং জেড্ডায় ভারতীয় কনস্যুলেট সংশ্লিষ্ট বিমান সংস্থা ও ট্যুর অপারেটরদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে।

মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, গত এক সপ্তাহে আটকে পড়া প্রায় তিন হাজার ওমরাহযাত্রী চালু থাকা বিভিন্ন উড়ানে ভারতে ফিরেছেন। এ ছাড়া নির্ধারিত উড়ানে দেশে ফিরেছেন আরও দশ হাজারের বেশি নিয়মিত ওমরাহযাত্রী।

২২ অক্টোবর এক্সে প্রকাশিত পোস্টে ওয়েইসি কেন্দ্রের কাছে আবেদন জানান, “ওমরাহযাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ উড়ানের ব্যবস্থা করুন।”

সৌদি আরবে ভারতীয় নাগরিকদের সহায়তার জন্য খোলা কন্ট্রোল রুমগুলির ফোন নম্বরও প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক।

দম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর থেকে উড়ানের সময়সূচি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে।