ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারির কথা এক পদস্থ পুলিশকর্তা নিশ্চিত করেন। তার কয়েক ঘণ্টা পরেই বৃহস্পতিবার নাগপুরে সংবিধান দিবসের এক সভায় বক্তৃতা দেন দীপকে। সেখানে তিনি অভিযোগ করেন, সরকার তাঁদের ভয় দেখিয়ে চলাফেরায় রাশ টানতে চাইছে।

গত ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কে সিজেপি-র বিক্ষোভ নিয়ে একটি এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলায় দীপকে এবং দলের দুই সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করেছে মুম্বই পুলিশ। কেন এই পদক্ষেপ, তা ব্যাখ্যা করে ওই পুলিশকর্তা বলেন, “ওঁরা দেশ ছেড়ে চলে যেতে পারেন, এমন আশঙ্কা ছিল। তাই এলওসি জারি করা হয়েছে।”

সভায় দীপকে বলেন, “পুলিশ লুকআউট নোটিস জারি করেছে। এই তো আমি। কী করবেন? গ্রেফতার করবেন? জেলে যেতে আমি ভয় পাই না। মানুষের মনে আপনারা যে ভয় ঢুকিয়ে দিয়েছেন, সেটাই দেশের ক্ষতি করেছে।” তিনি সমর্থকদের বলেন, দলের নেতারা জেলে গেলেও আন্দোলন যেন চালিয়ে যাওয়া হয়। তাঁর কথায়, “কাল যদি আমাদের জেলে পোরা হয়, আপনারা চুপ করে থাকবেন না। লড়াই চালিয়ে যান। এই দেশ আপনাদের সকলের। প্রতিবাদ করুন দেশের জন্য, আমাদের জন্য নয়।” দীপকে আরও বলেন, মহারাষ্ট্র দিল্লির কাছে মাথা নত করবে না।

সভায় ছিলেন অভিনেতা প্রকাশ রাজ এবং সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। তবে আগে সিজেপি-র সভায় যত লোক হত, এ বার ভিড় ছিল তুলনায় কম।

মুম্বই হামলায় নিহতদের শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা শুরু করেন দীপকে। তিনি বলেন, আর্থিক বা সামাজিক অবস্থান যা-ই হোক, সংবিধান সকলের সমান অধিকার নিশ্চিত করেছে। কারও নাম না করে তিনি বলেন, “গরিব হোন বা ধনী, সংবিধানের চোখে সবাই সমান। সংবিধান আমাদের এটাই দিয়েছে। যে সংবিধানের জোরে একজন সাধারণ মানুষ, এমনকি একজন চা-বিক্রেতাও প্রধানমন্ত্রী হতে পেরেছেন, আজ আপনারা সেই সংবিধানের বিরুদ্ধেই দাঁড়িয়েছেন।”

‘কোন ভারত গড়ছেন আপনারা?’

শেষ বার গড়চিরৌলি সফরে সেখানকার স্কুল ও সরকারি পরিকাঠামোর কী হাল দেখেছিলেন, সে কথাও তোলেন দীপকে। তাঁর অভিযোগ, সেখানে মেয়েদের দরজাহীন শৌচাগার ব্যবহার করতে হয়, কিছু স্কুলে বেঞ্চের মতো ন্যূনতম ব্যবস্থাও নেই। তিনি বলেন, “স্কুলে বেঞ্চ নেই, মেয়েদের ঠিকঠাক শৌচাগার নেই, তা হলে কোন ভারত গড়ছেন আপনারা? আপনারা বন্ধুদের জন্য সম্পদ গড়ছেন, আর সাধারণ মানুষ পিছনে পড়ে থাকছেন।”

সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা বলেন, ভারতের মতো বৈচিত্র্যময় দেশের আদর্শগত দিশা সংবিধানেই দেওয়া আছে। সংবিধানের নীতিকে দুর্বল করে এমন কোনও বিকল্প রাজনৈতিক মতাদর্শের দরকার কী, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর কথায়, “যে দিন সংবিধান গৃহীত হয়েছিল, সে দিনই মতাদর্শের ধারণা শেষ হয়ে যাওয়া উচিত ছিল। সব কিছুই তো ওতে ছিল। ভারতের মতো বৈচিত্র্যময় দেশ কোন মতাদর্শে চলবে, গণপরিষদ তা আগেই বলে দিয়েছে।”

রাঙ্কা বলেন, “প্রথমে ধন্যবাদ জানাই বাবাসাহেবকে। তার পর ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীকে। বাবাসাহেব সংবিধান লিখেছিলেন, আর আপনি দেখিয়ে দিয়েছেন সংবিধান কেন জরুরি।” তিনি আরও বলেন, “আমরা শুধু ভারতকে বাঁচাতে আসিনি, ভারতকে গড়তে এসেছি। ২০৪৭ সালের ভারত কেমন হবে, তা আমরা ঠিক করব, আপনারা নন। একটা যন্তর মন্তর আপনারা বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমরা দেশের প্রতিটি শহরে যন্তর মন্তর তৈরি করব।”

রাঙ্কা জানান, কিছু দিনের বিরতির পর সিজেপি আনুষ্ঠানিক ভাবে আবার কাজ শুরু করছে। ওই সময়টা তিনি পরিবারের সঙ্গে কাটিয়েছেন। তাঁর কথায়, “এ বার আমরা আনুষ্ঠানিক ভাবে ফিরে এলাম।” প্রচার দেশের নানা প্রান্তে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।