নয়াদিল্লি, ২২ জুলাই: অরাবল্লি পর্বতমালার সংরক্ষণ ও এর সীমানা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে মতামত, পরামর্শ এবং তথ্য-প্রমাণ আহ্বান করেছে। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ২১ দিনের মধ্যে ই-মেল বা নির্দিষ্ট অনলাইন ফর্মের মাধ্যমে মতামত জমা দেওয়া যাবে।

সুপ্রিম কোর্টের ২৫ মে ২০২৬-র নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী ৩১ আগস্টের মধ্যে শীর্ষ আদালতে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। কমিটি দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাত-সহ অরাবল্লি অঞ্চলের বিভিন্ন রাজ্যের বাসিন্দা, পরিবেশবিদ, সংরক্ষণকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থা, খনি লিজধারী, প্রকল্প উদ্যোক্তা, কৃষক, গ্রামবাসী, খনি শ্রমিক এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট পক্ষের মতামত চেয়েছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জমা দেওয়া মতামত যথাসম্ভব নথি বা যাচাইযোগ্য তথ্য দিয়ে সমর্থিত হওয়া উচিত। এসব মতামত অরাবল্লি সংক্রান্ত ভবিষ্যৎ নীতি ও আদালতে জমা দেওয়া রিপোর্ট তৈরিতে বিবেচনা করা হবে।

অরাবল্লি বিশ্বের প্রাচীনতম পর্বতমালাগুলির অন্যতম। এটি উত্তর-পশ্চিম ভারতের পরিবেশগত ভারসাম্য, ভূগর্ভস্থ জলের পুনর্ভরণ, জীববৈচিত্র্য এবং মরুভূমির বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক সময়ে এই পর্বতমালার সংজ্ঞা ও সুরক্ষা নিয়ে বিতর্কের জেরে বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আসে।

পরিবেশবিদদের একাংশের দাবি, এই জনমত গ্রহণের প্রক্রিয়া যেন অরাবল্লির আইনি সুরক্ষা আরও শক্তিশালী করে এবং এমন কোনও নতুন সংজ্ঞা বা ব্যাখ্যা না আনে, যাতে সংরক্ষণের বর্তমান কাঠামো দুর্বল হয়ে পড়ে।