আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ অভিনীত ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাচ্ছে এই শুক্রবার। তার আগেই রাজ্যে ৬৭টি পর্দা পরিচালনাকারী এসভিএফ সিনেমাস জানিয়ে দিয়েছে, ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রদর্শন বন্ধ করা হচ্ছে।
এসভিএফ সিনেমাসের বিবৃতিতে বলা হয়েছে, “এই শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক। বিশেষ করে যখন ছবিটি দর্শকের বিপুল ভালবাসা ও প্রশংসা পাচ্ছে। ২০ নভেম্বর মুক্তির পর থেকেই ছবিটি ভাল সাড়া পেয়েছে। বিপুল সংখ্যায় দর্শক হলে আসছেন, সপ্তাহের কাজের দিনেও একাধিক শো হাউসফুল যাচ্ছে। ছবিটি যে প্রশংসা পেয়েছে, যে ভাবে মুখে মুখে তার কথা ছড়িয়েছে, দর্শকের সঙ্গে যে সংযোগ তৈরি হয়েছে, তা সত্যিই আমাদের আনন্দ দিয়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “কিন্তু রাজশ্রী প্রোডাকশনস প্রযোজিত ও যশরাজ ফিল্মস পরিবেশিত ‘ইয়ে প্রেম মোল লিয়া’ মুক্তি পাচ্ছে। প্রদর্শকেরা আমাদের জানিয়েছেন, এই শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’র জন্য যথেষ্ট সংখ্যক শো রাখা কঠিন। অন্য কোনও ছবি মুক্তি পাওয়া বা তার দর্শক খুঁজে পাওয়া নিয়ে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই। প্রতিটি ছবিরই তার ন্যায্য সুযোগ প্রাপ্য। তবে আমরা দৃঢ় ভাবে মনে করি, ভাল চলা ও দর্শকের আন্তরিক প্রশংসা পাওয়া একটি ছবির বিনিময়ে তা হওয়া উচিত নয়। পর্দা ও শো-এর বণ্টন ন্যায্য ও সমান হওয়া উচিত, যাতে দু’টি ছবিই পাশাপাশি চলতে পারে এবং দর্শক নিজের পছন্দ বেছে নিতে পারেন।”
বিবৃতিতে বলা হয়েছে, “দুর্ভাগ্যের বিষয়, দর্শকের এমন সাড়া এবং কাজের দিনেও হাউসফুল শো সত্ত্বেও শুধু যথেষ্ট শো বরাদ্দ না হওয়ায় এই শুক্রবার থেকে ‘সাধক বামাক্ষ্যাপা’র প্রেক্ষাগৃহ-যাত্রা থেমে যেতে পারে। আমরা আন্তরিক ভাবে আশা করি, প্রদর্শকেরা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং একটি ন্যায্য সমাধানে পৌঁছনো যাবে। যে ছবি তার দর্শক খুঁজে পাচ্ছে, তার যাত্রা চালিয়ে যাওয়ার সুযোগ পাওয়া উচিত।”
অভিনেতাদের প্রতিক্রিয়া
‘সাধক বামাক্ষ্যাপা’য় নামভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। তিনি জানিয়েছেন, তিনি “স্তম্ভিত”। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মানুষের যদি ছবিটা ভাল না লাগত, তা হলে সরিয়ে নেওয়া হলে আমাদের কোনও আপত্তি থাকত না। কিন্তু মানুষ ছবিটির প্রশংসা করেছেন। আমাদের আবেদন, বাংলা ও হিন্দি ছবিকে সমান চোখে দেখা হোক।”
অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের কথায়, “দক্ষিণ ভারতে কি এটা করার সাহস দেখাতে পারত? অথচ এখানে করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানুষ ছবিটির প্রশংসা করছেন, শো হাউসফুল যাচ্ছে। তা হলে সরানো হবে কেন? মানুষকেই ঠিক করতে দেওয়া হোক। এতে বাংলা চলচ্চিত্র শিল্পের বড় ক্ষতি হবে।”
রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ অবশ্য মনে করেন, এখানে বাংলা বনাম হিন্দির কোনও সংঘাত নেই। তাঁর বক্তব্য, “সিনেমা হল বিনোদন। মানুষই ঠিক করবেন। মানুষ ‘সাধক বামাক্ষ্যাপা’ দেখেছেন। ব্যবসায়ীরা যদি মনে করেন অন্য ছবি চলবে, তাঁরা সেটাই দেখাবেন। সরকার যদি মনে করে ভর্তুকি দেবে, দেবে।”
মুখ্যমন্ত্রীর বৈঠক
বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহকে প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে। তাঁর বার্তা পরিষ্কার: অন্য ভাষার ছবি দেখানোয় কোনও বাধা নেই, কিন্তু প্রাইম টাইমে বাংলা ছবির শো নিশ্চিত করতে হবে।
বৈঠকের পরে অভিনেতা ও শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, “কেউ এটা না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার ৫১টি নতুন প্রেক্ষাগৃহ তৈরি করবে। অডিটোরিয়াম ও হলগুলির পরিকাঠামো উন্নত করা হবে, যাতে সেখানে ছবি দেখানো যায়।”
সূত্রের খবর, চলতি বিতর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রেক্ষাগৃহ মালিকদের বলেছেন, আগের সরকারের আমলে কী হয়েছে তা তিনি জানতে চান না, কিন্তু বর্তমান প্রশাসন এমন মনোভাব বরদাস্ত করবে না।
প্রসঙ্গত, ২০২৫ সালে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও রাজ্যের প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সগুলিকে প্রতিদিন প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখানোর নির্দেশ দিয়েছিল। চলচ্চিত্র জগতের একাংশের সূত্রে খবর, সেই নীতি ঠিকমতো কার্যকর করা হয়নি।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।