গল্পের পরিণতি ফাঁস হয়ে যাবে—এমন সতর্কবার্তার প্রয়োজন নেই। প্রায় তিন হাজার বছরের পুরনো মহাকাব্য ‘রামায়ণ’-এর কাহিনি প্রত্যেক ভারতীয়েরই জানা। হিন্দুদের দেবতা ও রাজা রাম যুদ্ধ করেন রাক্ষস রাবণের বিরুদ্ধে। অশুভের উপর শুভের জয় হয়, বিশ্বব্রহ্মাণ্ডে শৃঙ্খলা ফিরে আসে।
এই কাহিনি বহুবার বলা হয়েছে। কিন্তু ৫ নভেম্বর মুক্তি পাওয়া ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ জাঁকজমকে আগের সব সংস্করণকে ছাপিয়ে গিয়েছে। এটি দুই পর্বে নির্মিত চলচ্চিত্রের প্রথম পর্ব; দ্বিতীয়টি মুক্তি পাবে ২০২৮ সালের দীপাবলির সময়ে। দুই ছবির মোট বাজেট ৪৩ কোটি ডলার—ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ। রামায়ণের এই প্রথম কোনও চলচ্চিত্রায়ণ স্পষ্টভাবে বিশ্ববাজার জয়ের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে হাজির হয়েছে। প্রযোজকেরা মার্ভেলের আদলে একটি চলচ্চিত্র-বিশ্ব গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছেন। মূল কাহিনির চরিত্র ও ঘটনাকে ঘিরে তৈরি হবে আলাদা ছবি, ভিডিও গেম, নানা পণ্য এবং থিম পার্ক।
কাহিনিটিকে বিদেশের দর্শকের কাছে পৌঁছে দিতে নির্মাতারা পশ্চিমের প্রতিভাদেরও সঙ্গে নিয়েছেন। ছবির আবহসংগীতের উদাত্ত সুর রচনায় যৌথভাবে কাজ করেছেন অস্কারজয়ী সুরকার হান্স জিমার, যিনি ‘গ্ল্যাডিয়েটর’ ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর মতো ছবির জন্য পরিচিত। ‘ডিউন’ ও ‘দ্য ওডিসি’-র কিছু তাকলাগানো দৃশ্যের নেপথ্যে থাকা ভিজুয়াল এফেক্টস সংস্থা ডিনেগ এই পৌরাণিক জগৎকে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। কিন্তু ‘দ্য ওডিসি’-র মতো ‘রামায়ণ’-ও কি বিশ্বজুড়ে বক্স অফিস জয় করতে পারবে?
এই বিনিয়োগের কিছু ‘দৈব প্রতিদান’ অবশ্য মিলেছে। ‘রামায়ণ’ চোখের সামনে এক অপরূপ দৃশ্যভোজ সাজিয়ে দেয়—ভারতীয় সিনেমায় সম্ভবত এত চমকপ্রদ দৃশ্যসম্ভার আগে দেখা যায়নি। উড়ন্ত এক হাতিকে প্রচণ্ড আঘাতে ধরাশায়ী করে রাবণ; দেবসত্তার অধিকারী এক শকুন আক্রমণ করে আকাশে উড়ে চলা রথকে। ভারতীয় সিনেমার পরিচিত উপাদান, বীরত্ব ফুটিয়ে তোলার জন্য ধীরগতিতে দেখানো দৃশ্যও রয়েছে অঢেল।
ভারতে ‘রামায়ণ’ দর্শকের মন জয় করেছে, বক্স অফিসেও রাজত্ব করছে। দেশের বৃহত্তম টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুকমাইশোতে দর্শকেরা ছবিটিকে দশের মধ্যে ৯.৩ নম্বর দিয়েছেন। কিন্তু বিদেশের দর্শকেরা হয়তো এতটা মুগ্ধ হবেন না। দৃশ্যের চমকেই মন দিতে গিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি চলচ্চিত্র নির্মাণের কিছু মৌলিক দিক—যেমন কাহিনি ও চরিত্রের বিকাশ—অবহেলা করেছেন। চরিত্রেরা হঠাৎ হাজির হয়, আবার হারিয়েও যায়। সংলাপ আড়ষ্ট ও আনাড়ি। সবচেয়ে পরিচিত ঘটনাগুলি একে একে ছুঁয়ে যাওয়ার তাগিদে কাহিনি এক পর্ব থেকে আর এক পর্বে লাফিয়ে এগোয়।
রামকে নাটকীয় চরিত্র হিসেবে ফুটিয়ে তোলা সহজ নয়। ধর্ম, অর্থাৎ ন্যায়নিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে তিনি পূজিত। তিনি আদর্শ পুত্র, স্বামী, ভাই এবং ভাবী রাজা। কিন্তু নিখুঁত মানুষকে ঘিরে সচরাচর মনোগ্রাহী নায়ক তৈরি হয় না। রামের ভূমিকায় রণবীর কাপুরের নিষ্প্রাণ অভিনয়ও পরিস্থিতির কোনও উন্নতি ঘটায়নি। যিশুখ্রিস্টের জীবন অবলম্বনে তৈরি ‘দ্য চোজেন’-এর নির্মাতারাও একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তবে নিজেদের পবিত্র কেন্দ্রীয় চরিত্রটিকে মানবিক করে তুলতে তাঁরা সৃষ্টিশীল স্বাধীনতা অনেক বেশি নিয়েছেন। আর সেই ধারাবাহিক উপভোগ করেছেন ৩০ কোটি মানুষ।
শুভ ও অশুভের মহাকাব্যিক দ্বন্দ্বে শুধু সদ্গুণ থাকলেই চলে না। ‘রামায়ণ’-এ রাক্ষস রাবণ হয়ে উঠেছে বর্ণময়, ব্যক্তিত্বের আকর্ষণে ভরপুর। এতটাই যে, কেউ কেউ নির্মাতাদের বিরুদ্ধে খলনায়ককে মহিমান্বিত করার অভিযোগ তুলেছেন। অনেকটা যেমন জন মিল্টনের পাঠকেরা ‘প্যারাডাইস লস্ট’-এ শয়তানের প্রতি তাঁর অতিরিক্ত সহানুভূতি নিয়ে অভিযোগ তুলেছিলেন।
তবে ন্যায্য বিচারে স্বীকার করতেই হয়, এ কাহিনি নিয়ে ছবি বানানো সহজ কাজ নয়। রামায়ণের আগের বড় মাপের চলচ্চিত্রায়ণ ‘আদিপুরুষ’ (২০২৩) ভারতে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। আপত্তি উঠেছিল চরিত্রচিত্রণ, সংলাপের স্ল্যাং এবং কার্টুনসুলভ ভিজুয়াল এফেক্টস নিয়ে। রাজনীতিক ও ধর্মীয় সংগঠনগুলি ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। প্রেক্ষাগৃহ ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে তার প্রদর্শন ঠেকাতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। মুক্তির পর ছবিতে কাটাছেঁড়া করতে বাধ্য হয়েছিলেন নির্মাতারা।
এ বারের ‘রামায়ণ’ বিতর্ক এড়াতে চেয়েছে। তাই বিশ্বাসীদের জন্য দেবকাহিনির মোটের উপর বিশ্বস্ত পুনর্কথনেই নিজেকে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু ভারতে ছবিটির সাফল্য নিশ্চিত করতে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে, সেগুলিই তাকে বিশ্বজোড়া সাফল্য পেতে বাধা দেবে। দেখা যাচ্ছে, রাম রাবণকে জয় করতে পারেন—দুর্বল চিত্রনাট্যকে পারেন না।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।