‘গৈর কানুনি’ ছবির শুটিংয়ের সময় শ্রীদেবী আর মিঠুন চক্রবর্তীর সম্পর্ক কেমন ছিল, তা নিয়ে মুখ খুললেন সিনেমাটোগ্রাফার ও চিত্রপরিচালক লরেন্স ডি’সুজা। ১৯৮৯ সালের এই ছবিতে তিনি ক্যামেরার দায়িত্বে ছিলেন। সিদ্ধার্থ কন্ননের সঙ্গে এক আলাপচারিতায় লরেন্স জানান, মিঠুন প্রায়ই সেটে আসতেন এবং শ্রীদেবীর মেক-আপ রুমে বসে তাঁর জন্য অপেক্ষা করতেন। প্রয়াত অভিনেত্রীকে তিনি মনে রেখেছেন চাপা স্বভাবের মানুষ হিসেবে। ঘন ঘন ফোন আসা সত্ত্বেও কাজ থেকে তাঁর মন সরত না।

লরেন্সের কথায়, শুটিং চলাকালীন মিঠুন বারবার শ্রীদেবীকে ফোন করতেন। ফোন বাজলেই শ্রীদেবী উঠে গিয়ে কথা বলে আসতেন, তারপর সেটে ফিরে আবার শট দিতেন। খানিক বাদে ফের ফোন বাজত, আবার উঠে যেতেন। লরেন্স আরও জানান, কখনও শুটিংয়ের মাঝে, কখনও প্যাক-আপের সময় মিঠুন সেটে এসে শ্রীদেবীর মেক-আপ রুমে বসে থাকতেন।

দুই তারকার সম্পর্ক নিয়ে বহুচর্চিত খবরের প্রসঙ্গও তোলেন লরেন্স। মনে করিয়ে দেন, মিঠুন তখন যোগিতা বালির স্বামী। তবে এ-ও স্পষ্ট করে দেন যে, তিনি যা দেখেছেন তা কেবল সেটের ভিতরেই। তাঁর কথায়, “সবাই জানত ওঁরা সম্পর্কে আছেন। উনি তখন যোগিতা বালির সঙ্গে বিবাহিত। আমি যা দেখেছি, শুধু সেটেই দেখেছি। মিঠুনদা এসে ওঁর মেক-আপ রুমে অপেক্ষা করতেন।”

শ্রীদেবী-মিঠুন প্রসঙ্গে অন্যরা যা বলেছেন

শ্রীদেবী ও মিঠুন চক্রবর্তীর কথিত সম্পর্ক নিয়ে বছরের পর বছর আলোচনা চলেছে। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে তা স্বীকার করেননি। শোনা যায়, আশির দশকে, মিঠুন যখন যোগিতা বালির সঙ্গে বিবাহিত, তখন দু’জনের ঘনিষ্ঠতা ছিল।

শ্রীদেবীর সহ-অভিনেত্রী সুজাতা মেহতা এর আগে জানিয়েছিলেন, মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর শ্রীদেবীর আচরণ কেমন হয়ে গিয়েছিল। এক সাক্ষাৎকারে সুজাতা বলেন, ক্যামেরার সামনে শ্রীদেবী ছিলেন পুরোদস্তুর পেশাদার, কিন্তু শট শেষ হলেই একা চুপচাপ বসে থাকতেন। ‘হিন্দি রাশ’-কে সুজাতা বলেছিলেন, “উনি ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু এতটাই পেশাদার ছিলেন যে ক্যামেরা চালু হলেই পুরো মনোযোগ দিতেন। ক্যামেরা চলা মানে তিনি তখন শুধু ক্যামেরারই। কিন্তু শট শেষ হলে এক কোণে চুপ করে বসে থাকতেন।” সম্পর্ক নিয়ে তিনি আরও বলেন, “ওঁরা একে অপরকে পাগলের মতো ভালবাসতেন।”

মিঠুন চক্রবর্তীর পরিচিত অভিনেতা-পরিচালক করণ রাজদানও এর আগে সিদ্ধার্থ কন্ননের সঙ্গে আলাপে এই সম্পর্কের কথা বলেছিলেন। তাঁর মনে আছে, দু’জনে সারা রাত ঝগড়া করতেন। করণ বলেন, “ওঁরা সারা রাত ঝগড়া করতেন। উনি আর এই পৃথিবীতে নেই, তাই ওঁকে নিয়ে বেশি কিছু বলতে পারি না।” মিঠুনের প্রাণশক্তির কথা বলতে গিয়ে তিনি যোগ করেন, “মিঠুনদার মতো এনার্জি আর কারও নেই। সারা রাত জেগে পরদিনের নাচের স্টেপ রিহার্সাল করতে পারেন, কিংবা ফোনে ঝগড়া করতে পারেন, তবু পরদিন সকালে ঠিক সময়ে হাজির। উনি খুব আবেগপ্রবণ মানুষ। মনের কথা লুকোতে পারতেন না। ভীষণ সরল মনের মানুষ।”

আশির দশকে ‘জাগ উঠা ইনসান’, ‘ওয়ক্ত কি আওয়াজ’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন শ্রীদেবী ও মিঠুন চক্রবর্তী। ১৯৯৬ সালে প্রযোজক বনি কপূরকে বিয়ে করেন শ্রীদেবী। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে তাঁর মৃত্যু হয়।