এনবিসি-র জনপ্রিয় অনুষ্ঠান ‘টু ক্যাচ আ প্রিডেটর’-এর সঞ্চালক হিসাবে পরিচিতি পেয়েছিলেন হ্যানসেন। গোপন ক্যামেরা এবং সাজানো সাক্ষাৎপর্বের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে আসা ব্যক্তিদের মুখোমুখি করা হত ওই অনুষ্ঠানে। এক দিকে অপরাধীদের প্রকাশ্যে আনার দাবি, অন্য দিকে বিচার হওয়ার আগেই টেলিভিশনের পর্দায় তাঁদের অপদস্থ করা—অনুষ্ঠানটির সাংবাদিকতা ও নৈতিকতা নিয়ে গোড়া থেকেই বিতর্ক ছিল।
‘প্রাইমটাইম’ সরাসরি জীবনীচিত্র নয়। হ্যানসেন ও তাঁর অনুষ্ঠানের ঘটনাবলি থেকে অনুপ্রাণিত হয়ে টেলিভিশন সাংবাদিকতা, জনপ্রিয়তার নেশা এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিপজ্জনক যোগসূত্র অনুসন্ধান করেছেন পরিচালক। ছবির চিত্রনাট্য লিখেছেন আজোন সিং। এটি তথ্যচিত্র নির্মাতা ওপেনহাইমের প্রথম কাহিনিচিত্র। ‘সাম কাইন্ড অব হেভেন’ ও ‘রেন ফেয়ার’-এর মতো তথ্যচিত্রের জন্য তিনি আগে প্রশংসিত হয়েছেন।
প্রথমে ছবিটির সঙ্গে শুধু প্রযোজক হিসাবে যুক্ত হয়েছিলেন প্যাটিনসন। কিন্তু চরিত্রটি নির্মাণ করতে গিয়ে ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তিনি। অভিনেতার কথায়, অন্য কারও অভিনয়ের উপযোগী করে চরিত্রটি গড়ে তুলতে চেয়েছিলেন; শেষ পর্যন্ত চরিত্রটির আকর্ষণ তিনি নিজেই এড়াতে পারেননি। হ্যানসেনের বিশেষ উচ্চারণ, শরীরী ভাষা ও পর্দায় উপস্থিতির ধরন আয়ত্ত করতে তাঁকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে।
ছবির ভিত্তি সাংবাদিক লুক ডিট্রিখের এস্কোয়্যার পত্রিকায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন ‘টুনাইট অন ডেটলাইন দিস ম্যান উইল ডাই’। সেখানে ২০০৬ সালে টেক্সাসের সহকারী জেলা অ্যাটর্নি বিল কনরাডকে কেন্দ্র করে চালানো একটি অভিযানের কথা উঠে এসেছিল। পুলিশ ও টেলিভিশনের ক্যামেরা তাঁর বাড়ির বাইরে পৌঁছনোর পরে কনরাড আত্মহত্যা করেন। সেই ঘটনা অপরাধ-সাংবাদিকতা ও বিনোদনের মধ্যবর্তী সীমারেখা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল।
ক্রিস হ্যানসেন ছবিটির নির্মাণে যুক্ত ছিলেন না। নির্মাতাদের উদ্দেশ্য নিয়েও তিনি প্রকাশ্যে সংশয় জানিয়েছেন। প্যাটিনসন অবশ্য বলেছেন, হ্যানসেন ছবিটি পছন্দ করবেন বলেই তাঁর আশা। তাঁর মতে, হ্যানসেনের উপস্থিতির মধ্যে এমন এক আকর্ষণ ছিল, যার জন্য দু’দশক পরেও মানুষ অনুষ্ঠানটি নিয়ে আলোচনা করে।
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মেরিট উইভার, স্কাইলার গিসোন্ডো ও বোকিম উডবাইন। গায়িকা ফিবি ব্রিজার্স এই ছবির মাধ্যমে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছেন। এ২৪ প্রযোজিত ‘প্রাইমটাইম’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ২৫ সেপ্টেম্বর। ভেনিসের সাত মিনিটের করতালি মুক্তির আগেই ছবিটিকে পুরস্কারের মরসুমের অন্যতম আলোচিত প্রতিযোগী করে তুলল।