নিজস্ব প্রতিবেদক | কালিয়া, নড়াইল | ২১ নভেম্বর ২০২৬ | নড়াইলের কালিয়ায় রাজনৈতিক সংঘাতের জেরে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, বেন্দারচর গ্রামে ২০০টিরও বেশি বাড়ি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। একই সঙ্গে কালিয়া পৌরসভা ও আশপাশের এলাকায় একাধিক দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বাড়িঘরে হামলার পাশাপাশি ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। বেশিরভাগ বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয় সূত্র। তবে ক্ষতিগ্রস্ত বাড়ির সঠিক সংখ্যা, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি এবং লুট হওয়া সম্পত্তির পরিমাণ এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রের দাবি, সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাড়িতেও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। তাঁর বাড়ির বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এছাড়া এলাকার একাধিক দোকানে হামলা চালিয়ে মালপত্র লুট এবং ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে। ক্ষতিগ্রস্ত দোকানের সংখ্যা এবং আর্থিক ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

বেন্দারচরে দুই বিএনপি নেতার মৃত্যুর পর উত্তেজনা শুরু হয় । উল্লেখ্য, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর বটতলা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বেন্দারচর এলাকায় আওয়ামী সমর্থকদের উপর হামলা করে। এই হামলার প্রতিবাদে গ্রামবাসীর প্রতিরোধে নিহত হওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপির দুই নেতা শাহিনুর শেখ ও সোহেল মোল্যা নিহত হন ।

২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও দুই প্রতিমন্ত্রী কালিয়ায় আসেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁদের সফরের পর এলাকায় ফের হামলা হয়। এ দফায় ৩০ থেকে ৪০টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে বলে তাঁদের দাবি। ক্ষতিগ্রস্ত বাড়ির এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

বাসিন্দাদের অভিযোগ, কেন্দ্রীয় নেতারা এলাকায় থাকাকালীন পুলিশ হামলা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়নি। এতে এলাকায় আতঙ্ক আরও বেড়েছে বলে তাঁদের দাবি। কালিয়া থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ক্ষতিগ্রহস্থ পরিবারগুলির দাবি, বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপির নেতৃত্বে—ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ও জ্বালানী প্রতিমন্ত্রী অমিতের উপস্থিতে—সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশেই করা হয়েছে।

কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, শুক্রবার বেলা ৪টার দিকে তারা ওই গ্রামের বেশ কিছু বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামটিতে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় তারা বাধার মুখে পড়েন। সেসব সরিয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নেভে গিয়েছিল। গ্রামটির অন্তত ২০-২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। এ ছাড়া বড়দিয়াবাজারের বেশ কিছু দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

একই কথা বলেছেন নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলী। তিনি বলেন, কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে আগুন লাগার খবর পাওয়া গেছে। তাদের একটি ইউনিট সেখানে আগুন নেভাতে গিয়েছিল। ঠিক কতটি বাড়ি পুড়েছে, সে তথ্য তার কাছে নেই।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেন্দারচর গ্রামে পুড়ে যাওয়া বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর রয়েছে।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে ১৫-২০টি বাড়িতে ভাঙচুর ও কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও রয়েছে।

নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদার জানান, এখন পর্যন্ত তারা শুনেছেন, ১০টির মতো বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। পরে বিস্তারিত জানাবেন।

এ বিষয়ে কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে যেভাবে সংবাদ ছড়িয়েছে, তার সবটাই পুরোপুরি সত্য নয়। ২০টির মতো বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে বলে তারা জেনেছেন। আর বাকি বাড়িঘরগুলো ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল। সেগুলো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘর।

আওয়ামী লীগ ও সংখ্যালঘু পরিবারের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি, সম্পত্তির ক্ষয়ক্ষতি নিরূপণ, লুট হওয়া সামগ্রী উদ্ধারের উদ্যোগ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে।