ঢাকার এক বেসরকারি সংস্থার ২৭ বছর বয়সি কর্মী মাহমুদ তানজিদ ডিসেম্বরের প্রথম সপ্তাহে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই সফর তিনি পিছিয়ে দিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে অস্থিরতা চলছে, বিশেষ করে গোপালগঞ্জে। তার উপর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, তিনি ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন। তানজিদের আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হাসিনার দল আওয়ামী লীগ ইতিমধ্যেই ২৯ ও ৩০ নভেম্বর দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছে। সামনের কয়েক সপ্তাহে কী হবে, তা নিয়ে তিনি আর নিশ্চিত নন।
হাসিনা ১৬ ডিসেম্বর সত্যিই ঢাকায় নামুন বা না নামুন, বাংলাদেশের রাজনৈতিক ক্যালেন্ডার তিনি এর মধ্যেই বদলে দিয়েছেন। ১৯৭১ সালের ন’মাসের মুক্তিযুদ্ধ শেষ হয়েছিল এই বিজয় দিবসে, যেদিন পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ও ভারতের যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। হাসিনার ঘোষণার পর সেই দিনের দিকে এগিয়ে চলা এখন রাজনৈতিক জেদের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
৭৯ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে দু’বছরেরও বেশি নির্বাসন শেষ করে বিজয় দিবসেই দেশে ফিরতে চান। এই প্রথম তিনি ফেরার একটা নির্দিষ্ট তারিখ জানালেন। হাসিনার পতনের পরে অন্তর্বর্তী প্রশাসন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। এই ঘোষণার মধ্যে দিয়ে সেই দল একটা স্থানীয় আইনশৃঙ্খলার সঙ্কটকে রাজনৈতিক বৈধতা নিয়ে দেশজোড়া লড়াইয়ে পরিণত করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সরকার কোনও ছাড় দেয়নি। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, হাসিনা ফিরতে পারেন একমাত্র প্রত্যর্পণের মাধ্যমে, অর্থাৎ কার্যত “হাতকড়া পরে”। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বুধবার (২৫ নভেম্বর) সরকারের অবস্থান আবার জানিয়ে বলেছেন, “একজন দণ্ডিত পলাতক” কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্যে দিয়েই ফিরতে পারেন।
ফেরার সময়সীমা বার বার বদলেছে। প্রথমে নভেম্বর, তার পরে ডিসেম্বর, আর এখন ১৬ ডিসেম্বর। সালাহউদ্দিন আহমেদ তা উড়িয়ে দিয়ে বলেছেন, সরকারের কোনও “দুশ্চিন্তা বা চাপ” নেই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাক্ষণ সতর্ক রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগ জঙ্গিপনা, অগ্নিসংযোগ বা মানুষ ও সম্পত্তির উপর হামলার পথে গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের যুক্তি, হাসিনাকে সংবিধান লঙ্ঘন করে নির্বাসনে যেতে বাধ্য করা হয়েছিল, তাই তাঁর প্রত্যাবর্তনের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ছাড়ার পরে তাঁর পাসপোর্ট বাতিল হয়েছিল। তিনি নতুন ভ্রমণ নথির আবেদন করেছেন এবং জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফেরার অনুমতি চেয়েছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ‘দ্য হিন্দু’কে বলেছেন, হাসিনা নিয়ম মেনেই পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথির আবেদন করেছেন। তাঁর কথায়, “সরকার এত দিন বলে আসছিল, তারা ওঁকে ফেরত চায়, আর উনিও যেতে তৈরি ছিলেন। এখন দেখছি ওরা উল্টো কথা বলছে, নানা অজুহাতে বাধা তৈরি করছে।”
২০২৪ সালের অগস্টে হাসিনা সামরিক বিমানে ভারতে গিয়েছিলেন। সে কথা মনে করিয়ে দিয়ে নাদেল বলেন, “উনি সামরিক বিমান চাননি। শুধু সাধারণ ভাবে যাতায়াত করতে চেয়েছেন। তাতেও এত বাধা কেন?”
তিনি এ-ও ইঙ্গিত দিয়েছেন, দল শুধু বিমানবন্দর দিয়ে ফেরার উপর ভরসা করে বসে নেই। তাঁর দাবি, দলের নেতা-কর্মীরা বাংলাদেশ-ভারত সীমান্তের স্থলপথগুলি খতিয়ে দেখছেন। সরকার হাসিনার প্রত্যাবর্তনে সহায়তা করুক বা না করুক, তাঁরা ডিসেম্বরেই ফিরতে চান।
হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্গ। নভেম্বরের গোড়ায় তিনি নতুন ভ্রমণ নথি চাইছেন বলে খবর ছড়াতেই সেখানে উত্তেজনা বাড়ে। নভেম্বরের মাঝামাঝি আওয়ামী লীগ কর্মীরা বৈঠা, দা ও অন্যান্য দেশি অস্ত্র হাতে শহর জুড়ে মিছিল করেন। থানা এবং স্থানীয় বিএনপি সাংসদদের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফরিদপুরে বিএনপির কৃষক সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলের এক নেতা খুন হন। নড়াইলে আওয়ামী লীগ কর্মীদের হামলায় বিএনপির দুই স্থানীয় নেতার মৃত্যু হয়। পাল্টা হামলায় বিএনপি সমর্থকেরা আওয়ামী লীগ নেতাদের প্রায় একশোটি বাড়িতে আগুন লাগিয়ে দেন।
চিরাচরিত ঘাঁটিগুলিতে সাংগঠনিক শক্তি দেখাতে পারলেও ঢাকা ও অন্যান্য জেলায় বড় আকারের আন্দোলন গড়তে আওয়ামী লীগ হিমশিম খাচ্ছে। অন্যত্র তাদের কর্মসূচি মূলত বিক্ষিপ্ত বিক্ষোভে আটকে আছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে, বিশেষ করে ঢাকায়, আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তিদের উপর হামলা হয়েছে। নাদেলের দাবি, আন্দোলন দেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়বে।
ফেরার তারিখ বাছাই মোটেই কাকতালীয় নয়। বাংলাদেশের জাতীয় পরিচয়ে, আর আওয়ামী লীগের রাজনৈতিক আখ্যানে বিজয় দিবসের জায়গা একেবারে কেন্দ্রে। এই দিনটি স্বাধীনতা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে। দলের রাজনৈতিক বৈধতা যখন তীব্র আক্রমণের মুখে, তখন ১৬ ডিসেম্বর ফিরলে দেশের ইতিহাসের আখ্যানে নিজেদের জায়গা ফের দাবি করার সুযোগ পাবে দল। গণ-অভ্যুত্থানের পরের রাজনৈতিক ব্যবস্থার প্রতিও এটা হবে প্রতীকী চ্যালেঞ্জ। সেই ব্যবস্থায় সংসদে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছে জামায়াতে ইসলামী, যে ইসলামপন্থী দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।
সরকারের কাছে বিজয় দিবস একটা পরীক্ষা: দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যাপন কোনও বিঘ্ন ছাড়া আয়োজন করতে পারে কি না। হাসিনা না ফিরলেও তাঁর ঘোষণা রাজনৈতিক ভাবে দুর্বল, নিষিদ্ধ একটা দলের হাতে সমর্থকদের জড়ো করার একটা নির্দিষ্ট তারিখ তুলে দিয়েছে।
বাংলাদেশে থেকে যাওয়া আওয়ামী লীগের কয়েক জন নেতা ‘দ্য হিন্দু’কে বলেছেন, এই ঘোষণা দলের কর্মীদের চাঙ্গা করেছে, নেতাদের রাস্তায় নামতে উৎসাহ দিয়েছে। তবে ঝুঁকির কথাও তাঁরা মেনে নিয়েছেন। কথামতো হাসিনা ফিরতে না পারলে দলের বিশ্বাসযোগ্যতা আর মনোবলে আরও বড় ধাক্কা লাগতে পারে।
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তিনি আওয়ামী লীগ কর্মীদের “সন্ত্রাসী” বলেছেন। তাঁর ভাষায়, লীগ ক্ষমতায় ফেরার চেষ্টা করছে, আর তা রুখতে গণতান্ত্রিক দলগুলিকে এক হওয়ার ডাক দিয়েছেন। তবু সরকারের সামনে উভয়সঙ্কট। ব্যাপক দমন অভিযান চালালে লীগ নিজেকে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হিসেবে তুলে ধরতে পারে, জনগণের একাংশের সহানুভূতিও পেতে পারে। আবার সংযত থাকলে অভিযোগ উঠবে, প্রশাসন হিংসা সামলাতে ব্যর্থ।
হাসিনা ফিরলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তখন সরকারের উপর চাপ আসবে শুধু আওয়ামী লীগের দিক থেকে নয়, বিরোধী শক্তিগুলির দিক থেকেও, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আর জামায়াতে ইসলামীর তরফে। তারা চাইবে, হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর করা হোক। জবাবদিহি নিয়ে তারেক রহমানের সরকার প্রকাশ্যে দৃঢ় অবস্থান নিয়েছে। ফলে রায় কার্যকর করার সদিচ্ছা প্রমাণের চাপ তাদের উপর আসতে পারে। একটুও গড়িমসি দেখা গেলে এই দলগুলি রাজনৈতিক আপসের অভিযোগ তুলতে পারে। উল্টো দিকে, সাজা কার্যকর করার পদক্ষেপ করলে আরও সংঘাত আর অস্থিরতার ঝুঁকি থাকবে।
২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ কয়েক মাস ধরে ভারতের বিবেচনায় রয়েছে। ঢাকার নতুন সরকারের সঙ্গে গঠনমূলক ভাবে কাজ করার আগ্রহও দেখিয়েছে নয়াদিল্লি। তারেক রহমান এখনও ভারত সফরে যাননি। সেপ্টেম্বরে নয়াদিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনেও তিনি যোগ দেননি, যদিও পরে সম্ভাব্য সফর নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। ২০২৪ সালের অগস্টে হাসিনা দেশ ছাড়ার পর দু’দেশের সম্পর্কে যথেষ্ট টানাপড়েন তৈরি হয়েছিল। এখন সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা চলছে।
এই প্রেক্ষাপটে হাসিনার প্রস্তাবিত প্রত্যাবর্তন নতুন জট পাকিয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির অভিযোগ করেছেন, হাসিনা ও নয়াদিল্লি মিলে বাংলাদেশে অশান্তিতে ইন্ধন দিচ্ছে। নয়াদিল্লির সামনেও অস্বস্তিকর বিকল্প। হাসিনার ফেরায় সহায়তা করলে ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা ধাক্কা খেতে পারে। আবার সক্রিয় ভাবে তাঁর যাওয়া আটকালে অভিযোগ উঠতে পারে, বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক প্রাক্তন নেত্রীকে ভারত এখনও আশ্রয় দিয়ে চলেছে।
এর মধ্যে সূত্রের খবর, আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার এখনই জোরালো দমন অভিযানে নামবে বা আন্দোলন দমাতে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করবে, এমন সম্ভাবনা কম। সূত্রের দাবি, প্রশাসন বরং চায় দলের কাজকর্ম, যেমন অগ্নিসংযোগ, ভাঙচুর আর হামলা, জনগণ ও আন্তর্জাতিক মহলের চোখের সামনে থাকুক। ওই মহলের হিসেব, এমন ঘটনা যত বেশি সামনে আসবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে জনমত যত বাড়বে, দলের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করার রাজনৈতিক যুক্তি সরকারের হাতে তত বেশি থাকবে।
পাঠকের মন্তব্য ০
শালীন ও বিষয়ভিত্তিক আলোচনা করুন। মন্তব্য অনুমোদনের পর প্রকাশ হবে।
এই প্রতিবেদনে নতুন মন্তব্য গ্রহণ বন্ধ রয়েছে।
এখনও কোনো অনুমোদিত মন্তব্য নেই।