বাংলাস্ফিয়ার: হাতির তাণ্ডবে আতঙ্কিত বাঁকুড়ার বেশ কয়েকটি গ্রাম। জানা গিয়েছে, হাতির থাবায় মৃত এক এবং আহত আরও ছয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদফতর কর্মীরা। হাতিটিকে বাগে আনার জন্য বহু চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকভোরে রাউৎখন্ড গ্রামে প্রবেশ করে দলছুট একটি হাতি। গ্রামে ঢুকেই পাথরপাড়া এলাকার একের পর এক বাড়িতে হামলা চালায় প্রাণীটি। তাতেই মৃত্যু হয়েছে ওই গ্রামের বিজয় কোলে নামের এক ব্যক্তির। ওই সময় তিনি নিজের বাড়িতে ছিলেন বলে খবর। বৃহৎ জন্তুর সামনে পড়ে প্রাণ হারান তিনি।
রাউৎখন্ডে তাণ্ডব চালানোর পর হাতিটি জামডিগরি হয়ে কলাবনি গ্রাম সংলগ্ন এলাকায় যায়। হাতির হানায় গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হাতিটিকে বাগে আনার চেষ্টা করে। তবে দীর্ঘক্ষণ চেষ্টার পরও তা সম্ভব হয়ে ওঠে নি।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বন দফতর।