বাংলাস্ফিয়ার: এসআইআর আবহে রানীগঞ্জের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তুপ থেকে বিপুল পরিমাণ ভোটারকার্ড উদ্ধার হয়েছে। ঘটনার জেরে হইচই পড়ে গিয়েছে এলাকায়। উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শী জানান, আবর্জনার স্তূপের ভিতরে একাধিক ভোটারকার্ড পড়ে থাকতে দেখেছে তাঁরা। স্থানীয় এক যুবকের কথায়, তাঁর ভাই স্টেশন থেকে বাড়ি ফেরার সময় তাঁর ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন। এরপর ভাই ফোন বিষয়টি ফোন করে জানালে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান তিনি। সেখানে গিয়ে ওই যুবক দেখেন যে, সত্যিই তাঁর নামের একটি ভোটার কার্ড পড়ে রয়েছে। তবে ওই যুবকের দাবি, তাঁর আসল ভোটার কার্ড বাড়িতেই সুরক্ষিত আছে এবং তিনি কাউকে তা ব্যবহার করতে দেননি।
খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। সমস্ত ভোটার কার্ড উদ্ধার করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এত সংখ্যক ভোটার কার্ড ডাস্টবিনে ফেলল কারা? এবং সেগুলি আসল নাকি নকল? এখন দেখার তদন্ত থেকে কী উঠে আসে।