বাংলাস্ফিয়ার: কৃষ্ণনগরে বিজেপির কার্যালয়ের জমিকে ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। অভিযোগ, আদালতের নোটিশকে কার্যত উপেক্ষা করে গেরুয়া শিবির তাঁদের কার্যালয় সরাচ্ছে না।
জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা নাগাদ সংশ্লিষ্ট জমির উত্তরসূরিরা আদালতের অনুমতি নিয়ে পুলিশকে সঙ্গে করে কার্যালয় উচ্ছেদ করতে এলে বিজেপি কর্মী-সমর্থকদের বাধার মুখে পড়েন। এরপরই বিশৃঙ্খলা তৈরি হয়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা।
আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কার্যালয় খালি করতে অস্বীকার করে বিজেপি নেতৃত্ব, বরং আরও সময় চাওয়া হয়েছে গেরুয়ার শিবিরের পক্ষ থেকে। এর জেরে কার্যালয়ের সামনে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে।
পরিস্থিতি সামাল দিতে বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় নজরদারি জোরদার করেছে প্রশাসন।