বাংলাস্ফিয়ার: বিজেপি না ছাড়ার ‘অপরাধে’ নানুরের ৩ নম্বর মণ্ডল সভাপতিকে প্রাণনাশের হুমকির মুখে পড়তে হল। অভিযোগ, রাতের অন্ধকারে তাঁর বাড়ির সামনে সাদা থান, ধূপ-মালা ও মিষ্টির প্যাকেট রেখে দিয়ে গিয়েছে তৃণমূল কর্মীরা। যা শ্রাদ্ধে ব্যবহৃত সামগ্রী। তৃণমূলের ওপরেই ঘটনার দায় চাপিয়েছেন তিনি ।
এক ভিডিও বার্তায় ওই বিজেপি নেতা অভিযোগ জানিয়ে বলেন, আতঙ্ক ছড়াতেই শাসকদলের নেতা-কর্মীরা এই কাজ করেছে। এদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।
এ ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। সেইসঙ্গে গেরুয়া শিবিরের অনড় অবস্থান, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার না করা হলে পথে নামবে তাঁরা । রাজনৈতিক হিংসা ও ভয়ের রাজনীতি নিয়ে আবারও প্রশ্নের মুখে নানুর। এই ঘটনার পর এলাকার নিরাপত্তাজনিত বিষয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।