বাংলাস্ফিয়ার: বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত খোরপোষের মামলা জেতার আশায় আইনজীবীর সহায়তা নেওয়ার কথা ভেবেছিলেন চাকদহের অসীম পাল। সেই ভাবনাই যেন কাল হয়ে দাঁড়াল তাঁর জীবনে। মামলা থেকে তো মুক্তি পেলেনই না, উল্টে ভুয়ো আইনজীবীর পাল্লায় পড়লেন তিনি। অসীম বাবুর অভিযোগ, সমস্ত আইনি জটিলতা সমাধান করে দেওয়ার কথা দিয়ে, তাঁর সঙ্গে লাখ লাখ টাকার প্রতারণা করেন ওই ভুয়ো আইনজীবী।
থানায় লিখিত অভিযোগে অসীম বাবু জানান, ধাপে ধাপে তাঁর কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করছে ওই ভুয়ো আইনজীবী। তিনি আরও জানান, মিথ্যা অ্যাক্সিডেন্টের নাম করেও টাকা চান ওই আইনজীবী। এতেই সন্দেহ হয় তাঁর। সৌমিক দাস নামের ওই আইনজীবীর এলাকায় গিয়ে খোঁজ খবর করেন তিনি। তখনই জানতে পারেন, ওই ব্যক্তি আসলে আইনি পেশার সঙ্গে যুক্তই নন। তড়িঘড়ি পুলিশকে সবটা জানান অসীম বাবু। এরপর হাওড়ায় নিজস্ব বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে ভেঙে পড়ে নিজের দোষ স্বীকার করে ধৃত ।