বাংলাস্ফিয়ার:দামোদরের চরে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
দামোদরের চর থেকে উদ্ধার হওয়া তিনটি বিশালাকার মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী।
সোমবার সোনামুখী থানার অন্তর্গত রাঙ্গামাটি এলাকায় দামোদর নদের চর থেকে পে-লোডারের সাহায্যে বালি তোলার সময় তিনটি মর্টার শেল উদ্ধার হয়। বিস্ফোরক ভর্তি লোহার সিলিন্ডার আকৃতির এই যুদ্ধাস্ত্র উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এলাকাবাসীরা ভিড় জমায়।
এরপর সোনামুখী থানার পুলিশ ও রাজ্য পুলিশের বম্ব ডিসপোজাল টিম দ্রুত সেখানে পৌঁছায়। দুর্ঘটনা এড়াতে মর্টার শেলগুলিকে নদীর চরে বালির বস্তা দিয়ে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পাশাপাশি বিষয়টি জানানো হয় সেনাবাহিনীকে।
পরেরদিনই অর্থাৎ মঙ্গলবার পানাগড় সেনা ছাউনি থেকে সেনাবাহিনীর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপদভাবে মর্টার শেলগুলি নিষ্ক্রিয় করে। জানা গিয়েছে, প্রথমে নদীর বুকে গভীর গর্ত খুঁড়ে তার মধ্যে শেলগুলি রাখা হয়। পরে ডিনামাইটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলিকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হয়।
ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ালেও সেনাবাহিনী ও পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন স্থানীয় বাসিন্দারা।