বাংলাস্ফিয়ার:লাঠি হাতে কাঁধে ব্যাগ নিয়ে চল্লিশ ফুট উঁচু কদম গাছের ডালে বসে এক যুবক। কিছুতেই নামতে চান না। শেষমেষ খাবারের প্রলোভন দেখিয়ে নামাতে হয় অজ্ঞাতপরিচয়ের ওই যুবককে।হাস্যকর হলেও প্রজাতন্ত্র দিবসের দিন ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুর এলাকায়।
ওই যুবক গাছে কখন উঠেছেন তা কেউ জানেন না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার সকালে গাছের নিচে একটি জামা পরে থাকতে দেখেন তাঁরা । উপরে তাকাতেই গাছের ডালে যুবককে দেখতে পেয়ে হতবাক হয়ে যান তাঁরা। যুবককে বারবার নিচে নামার অনুরোধ করলেও তিনি রাজি হননি। এরপর বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলে পুলিশ ও দমকল দপ্তরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান। যুবকের হাতে লাঠি থাকায় দমকল কর্মীরা কাছাকাছি যেতে পারছিলেন না। দীর্ঘক্ষণ ধরে তাঁকে বোঝানোর চেষ্টা চলতে থাকে। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর কাছের একটি দোকান থেকে খাবার এনে প্রলোভন দেখানো হলে , শেষ পর্যন্ত যুবক গাছ থেকে নিচে নামেন। এরপর পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।